করোনা ঠেকাতে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী আমদানিতে শুল্ক কর প্রত্যাহার

২০২২ সালের জুন মাস পর্যন্ত মাস্ক, পিপিই, স্যানিটাইজার, গগলসসহ ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী এবং এসব তৈরির কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার প্রকোপ কমাতে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী আমদানিতে আবারও শুল্ককর ছাড় দেওয়া হয়েছে। আগামী বছরের জুন মাস পর্যন্ত মাস্ক, পিপিই, স্যানিটাইজার, গগলসসহ ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী এবং এসব তৈরির কাঁচামালের ওপর সব ধরনের শুল্ককর প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া ছাড় পাওয়া ওই পণ্যের তালিকায় আছে আইসোপ্রপাইল অ্যালকোহল, ননওভেন ফিলমেন্টস, কোভিড টেস্ট কিটস, জীবাণুনাশক, ফেস শিল্ড, সার্জিক্যাল মাস্ক, মেডিকেল প্রোটেকটিভ গিয়ার, গগলস, সারা শরীর আবৃত করার পোশাক ইত্যাদি।

এসব পণ্য আনতে কোনো আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, আগাম ভ্যাট, অগ্রিম কর ইত্যাদি দিতে হবে না।
এর কয়েক দফায় এসব পণ্যে শুল্ককর ছাড় দেওয়া হয়েছিল। আগামী ৩০ জুন এসব পণ্যের শুল্ককর ছাড়ের মেয়াদ শেষ হয়ে যাবে। এখন নতুন করে এর মেয়াদ বৃদ্ধি করা হলো।

শর্ত হলো, অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল আইআরসিভুক্ত ওষুধ কোম্পানি, মেডিকেল ইন্সট্রুমেন্ট উৎপাদক ও পোশাক উৎপাদক হতে হবে।

এর আগে গত বছর মে মাসে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ও সার্জিক্যাল মাস্কের (ফেস মাস্কসহ) স্থানীয় উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় কোনো প্রতিষ্ঠান এসব পণ্য উৎপাদন করলে এই কর সুবিধা পাবে।