করোনাবিষয়ক তথ্যের মান বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

সরকার করোনা মহামারিসংক্রান্ত যেসব তথ্য সরবরাহ করছে, সেসব তথ্যের মান বাড়ানোর ওপর তাগিদ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, করোনা-সংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়ে সরকারের সচেতনতা বাড়ছে। তথ্য সংগ্রহের হারও বাড়ছে। তবে তথ্যের মানের বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

গতকাল মঙ্গলবার সিপিডি আয়োজিত এক ভার্চ্যুয়াল সভায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের উচিত করোনাবিষয়ক ‘নলেজ হাব’ বা জ্ঞানভান্ডার তৈরি করা, যে তথ্য স্থানীয় বিশেষজ্ঞরা ব্যবহার করতে পারবেন।

তথ্য দেওয়ার ক্ষেত্রে চিত্রানুগ (গ্রাফিক্যাল) উপস্থাপনা দেওয়ার সুপারিশ করেন দেবপ্রিয় ভট্টাচার্য। এতে তথ্য সাধারণ মানুষ ও নীতিনির্ধারকদের জন্য আরও বেশি সহজ ও উপকারী হবে বলে জানান তিনি। করোনার বিষয়ে স্থানীয় বিশেষজ্ঞ, এনজিও ও গবেষকদের সহযোগিতা নেওয়ার পরামর্শও দেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদি সেব্রিনা বলেন, নীতিকৌশল প্রণয়নে তথ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে তথ্য সংগ্রহের হার বাড়ছে। সরকার দেশব্যাপী এবং অঞ্চলভিত্তিক যখন বিধিনিষেধ দিয়েছে, এ তথ্যের আলোকেই দিয়েছে। করোনার মধ্য দিয়ে এ ধারা তৈরি হয়েছে। এটি আরও উন্নতি করতে হবে। স্বাস্থ্যের পাশাপাশি যদি অর্থনৈতিক সংক্রান্ত তথ্য পাওয়া যেত, তাহলে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হতো।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক রশীদ ই মাহবুব বলেন, করোনার কারণে মানুষের খাদ্যাভ্যাস, ব্যক্তিগত জীবনাচরণ ও সামাজিক জীবনে নানা পরিবর্তন এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত থাকা প্রয়োজন। তথ্য না থাকলে নীতিপ্রণেতাদের জন্য ভবিষ্যৎ কার্যকর পরিকল্পনা গ্রহণ করা কঠিন।