কালোটাকা সাদা করার সুযোগ থেকেই গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০২১-২২ অর্থবছরে ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগ থাকছে না। ১০ শতাংশ কর দিয়ে নগদ টাকা ও ব্যাংকে গচ্ছিত টাকা শেয়ারবাজার ও সঞ্চয়পত্রে বিনিয়োগ করে সাদা করা যাবে না। এ ছাড়া ফ্ল্যাটের আয়তনভেদে নির্দিষ্ট পরিমাণ কর দিয়েও কালোটাকা সাদা করা যাবে না। চলতি বছরের বাজেটে দেওয়া এই সুযোগ আগামী ৩০ জুন শেষ হয়ে যাচ্ছে। এ সম্পর্কে নতুন বাজেটে কিছু বলেননি অর্থমন্ত্রী। এর মানে, সুযোগটি আর মিলছে না।

কিন্তু আয়কর অধ্যাদেশের ১৯ ধারা অনুযায়ী, এলাকাভেদে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে ফ্ল্যাট কিনে কালোটাকা সাদা করার সুযোগটি রয়ে গেছে। সুযোগটি কত দিন থাকবে, তা অবশ্য আয়কর অধ্যাদেশে বলা হয়নি। তবে এনবিআর শর্ত দিয়েছে, অপরাধ কার্যক্রমের মাধ্যমে এবং অবৈধ উৎস থেকে অর্জিত অর্থ সাদা করা যাবে না। এ ছাড়া শিল্প খাতে কালোটাকা সাদা করার সুযোগও থাকছে। ২০২৪ সাল পর্যন্ত হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে কালোটাকা সাদা করার সুযোগ রয়েছে। এ ছাড়া অপ্রদর্শিত বৈধ আয় নির্ধারিত করের পাশাপাশি ১০ শতাংশ জরিমানা দিয়ে ঘোষণায় আনার সুযোগ তো আছেই।

গত বছর অর্থমন্ত্রী বাজেটে ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ায় তীব্র সমালোচনা হয়েছে। বলা হয়, এনবিআর অর্থের উৎস জানতে চাইবে না। এমনকি দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) অন্য কোনো সরকারি সংস্থাও জানতে চাইবে না। সম্প্রতি প্রাক্-বাজেট আলোচনায়ও দেশের কয়েকজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী বলেছেন, কালোটাকা সাদা করার সুযোগ দিলে সৎ করদাতাদের প্রতি অন্যায় আচরণ করা হয়। তাঁরা এমন সুযোগ দেখতে চান না।

তবে এক বছর ধরে নগদ টাকা বেশি সাদা হয়েছে। নগদ টাকা সাদা করায় বেশি আগ্রহ করদাতাদের। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৯ মাসে সব মিলিয়ে ১০ হাজার ৩৪ জন করদাতা কালোটাকা সাদা করেছেন, যা পরিমাণে প্রায় ১৫ হাজার কোটি টাকা। শেয়ারবাজারে বিনিয়োগ করে কালোটাকা সাদা করার সুযোগ তেমন একটা নেননি করদাতারা। গত জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত মাত্র ৩৪১ জন শেয়ারবাজারে বিনিয়োগ করে এই সুযোগ নিয়েছেন।

জমি কিনেও খুব একটা কালোটাকা সাদা হয়নি। আর সঞ্চয়পত্র কিনে কালোটাকা সাদা করার সুযোগ আর দিতে চান না নীতিনির্ধারকেরা। কারণ, এমনিতেই ১০ শতাংশ কর দিয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে। সঞ্চয়পত্র কেনার পর সঞ্চয়পত্র অধিদপ্তরকে প্রতিবছর গড়ে ১০ শতাংশের বেশি সুদ গুনতে হয়। এক বছর ধরেই সঞ্চয়পত্র বিক্রি তুলনামূলক বেড়েছে।