কেউ মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিলে তাঁকে জিজ্ঞেস করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
ছবি: সংগৃহিত

সারের মজুত, দাম ও ভর্তুকি নিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, সারে এত ভর্তুকি দেওয়ার উদাহরণ বিশ্বের কোথাও নেই। কৃষিমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে সারে ভর্তুকি দিতে হবে ২৮ হাজার কোটি টাকা, যা বাজেট বরাদ্দের তিন গুণ। এই ভর্তুকি দিয়ে আরেকটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। অর্থ মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ সত্ত্বেও কৃষিবান্ধব সরকার ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদনের ধারা বজায় রেখেছে।

কৃষিমন্ত্রীর দেওয়া এ তথ্যের ভিত্তিতে আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সারের দাম বাড়ানো হচ্ছে কি না বা ভর্তুকি কমাতে অর্থ মন্ত্রণালয় চাপ দিচ্ছে কি না। অর্থমন্ত্রী বলেন, ‘সারের মূল্যবৃদ্ধির কথা কে বলেছে? উনি (কৃষিমন্ত্রী) ইঙ্গিত দিয়ে থাকলে আমার জানা নেই। আপনারা তাঁর সঙ্গে আলাপ করুন।’

তবে অর্থমন্ত্রী এ–ও বলেন, দিন শেষে অর্থ মন্ত্রণালয়কেই অর্থের জোগান দিতে হয়। তাই ব্যয় সাশ্রয় বা যৌক্তিকীকরণে একটা চাপ থাকেই। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব জনগণের অর্থের দেখাশোনা ও ব্যবস্থাপনা করা। তৎপর থাকতে হয় অপ্রয়োজনীয় খরচ না করার জন্য। এ জন্য একটা চাপও মন্ত্রণালয়গুলোর ওপর থাকে। সারের মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো প্রস্তাব এখনো অর্থ মন্ত্রণালয়ে আসেনি।

ভর্তুকি কমানোর কৌশল জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে কী পরিমাণ লাগবে জানি না। প্রস্তাব আসার পর জেনে জানাতে পারব। সে জন্য অপেক্ষা করতে হবে।’

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী সারের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় জাহাজভাড়া বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২০-২১ অর্থবছরে কেজিপ্রতি আমদানি ব্যয় ছিল এ রকম—ইউরিয়া ৩২ টাকা, টিএসপি ৩৩ টাকা, এমওপি ২৩ টাকা ও ডিএপি ৩৭ টাকা। ২০২১-২২ অর্থবছরে এ দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৬ টাকা, ৭০ টাকা, ৫৪ টাকা ও ৯৩ টাকা। তবে সরকার কৃষককে ইউরিয়া ১৬, টিএসপি ২২, এমওপি ১৫ ও ডিএপি ১৬ টাকায় দিচ্ছে।

সরকার বর্তমানে প্রতি কেজি সারে সার্বিক খরচের বিপরীতে যে হারে ভর্তুকি দিচ্ছে—ইউরিয়ায় ৮২ টাকা, টিএসপিতে ৫০ টাকা, এমওপিতে ৪১ টাকা এবং ডিএপিতে ৭৯ টাকা। চলতি অর্থবছরের বাজেটে পুরো ভর্তুকি খাতে ৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও এবার বাড়তি অর্থ লাগবে ১৯ হাজার কোটি টাকা। গত ২০২০-২১ অর্থবছরে ভর্তুকিতে ৭ হাজার ৭১৭ কোটি টাকা ব্যয় হয়েছিল।

কৃষি ও পল্লি ঋণের জন্য আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে ১০ বছর মেয়াদে এক হাজার কোটি টাকা দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিষয়টি এখনো তাঁর জানা নেই।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের দুটি, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) একটি, স্থানীয় সরকার বিভাগের একটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।