আন্তমন্ত্রণালয় সভা
খোলা সয়াবিন বিক্রি নয়
আগামী ৩১ মের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, কোম্পানিগুলোকে সুবিধা দিতে এই সিদ্ধান্ত।
দেশে খোলা ভোজ্যতেল বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা জানাল বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ৩১ মের পর থেকে খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। আর খোলা পাম তেল বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী ৩১ ডিসেম্বরের পর।
দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা শেষে গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও জানান, বিপণনকারী কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম লিটারে আরও ১২ টাকা বাড়ানোর যে প্রস্তাব করেছিল, তা এখন অনুমোদন দেওয়া হবে না। চিনির আমদানির ক্ষেত্রে যে শুল্ক ছাড় দেওয়া হয়েছিল, তা অব্যাহত থাকবে।
সভায় বেশি আলোচনা হয় ভোজ্যতেলের দাম নিয়ে, যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত দাম লিটারে ১৬৮ টাকা, যা অনেক দোকানেই ৭ টাকা বেশি নেওয়া হচ্ছে। অন্যদিকে খোলা সয়াবিন তেলে প্রতি লিটার ১৬২-১৬৪ টাকা দরে বিক্রি হচ্ছে। এর নির্ধারিত দর ১৪৩ টাকা।
পাম তেলেও নির্ধারিত দামের চেয়ে বেশি নিচ্ছেন বিক্রেতারা। প্রতি লিটার ১৩৩ টাকার বদলে রাখা হচ্ছে ১৬০ টাকার মতো।
বোতলজাত সয়াবিন তেলের দাম কোম্পানিগুলো নিজেরা নির্ধারণ করে। আর খোলা তেলের দাম ঢাকার মৌলভীবাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জের মতো পাইকারি ব্যবসাকেন্দ্রের সরবরাহ আদেশ (এসও) ব্যবসায়ীদের ওপর নির্ভর করে। পরিশোধনকারীদের সরবরাহ করা খোলা তেল পাইকারি বাজারে কেনাবেচা হয়। আর বোতলজাত তেল কোম্পানি সরাসরি পরিবেশকদের মাধ্যমে বিক্রি করা হয় কোম্পানির পক্ষ থেকে।
ব্যবসায়ীরা বলছেন, সয়াবিন তেলের ৬০ শতাংশ ও পাম তেলের ৯৭ শতাংশ খোলা অবস্থায় বিক্রি হয়।
সূত্র জানায়, সচিবালয়ে সভায় আলোচনা হয়, খোলা সয়াবিন তেলের গুণগত মান নিশ্চিত করা হয় না। তাই খোলা তেল বিক্রি বন্ধ করা উচিত।
বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলে তেলের দাম লেখা থাকে। কিন্তু অনেকে বোতল কেটে তেল বিক্রি করে। দাম লেখা থাকে না। বেশি দামে বিক্রি করে। মধ্যস্বত্বভোগীরা মজুত করার চেষ্টা করছে।
খোলা তেলের ব্যবসা না থাকলে পুরো বাজার চার-পাঁচটি কোম্পানির হাতে চলে যাবে। তারা তখন নিজেদের মতো দাম নির্ধারণ করবে।
দেশের বিপণনকারী কোম্পানিগুলো তেল বোতলে ভরে বিক্রিতে আগ্রহী। তবে পাইকারি ব্যবসায়ীরা মনে করেন, এতে তেলের বাজার পুরোটা কয়েকটি বড় কোম্পানির হাতে চলে যাবে। বোতলজাতকরণে খরচ বাড়বে। এখন কোম্পানিগুলো এক লিটারের বোতলের খরচ ধরে ১৫ টাকার মতো। আর পাঁচ লিটারের একটি বোতলের ব্যয় ৫০ টাকা ধরে হিসাব করে।
বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, খোলা তেলের ব্যবসা না থাকলে পুরো বাজার চার-পাঁচটি কোম্পানির হাতে চলে যাবে। তারা তখন নিজেদের মতো দাম নির্ধারণ করবে। তিনি বলেন, খোলা তেলের বাজারে এখন যে ওঠানামা, সেটার দায় কোম্পানিগুলোর। কারণ, তারা সরবরাহ ঠিকমতো দিচ্ছে না।
ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক সময়ে বাজারে খোলা তেল ও বোতলজাত সয়াবিন তেলের দামে লিটারে ২০ টাকার মতো পার্থক্য থাকে। নিম্ন আয়ের মানুষ খোলা তেলের মূল ক্রেতা। তারা ১০ টাকা, ২০ টাকার তেলও কেনে।
অবশ্য ভোজ্যতেল বিপণনকারী টি কে গ্রুপের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস) মো. শফিউল আথহার তাসলিম প্রথম আলোকে বলেন, তেল বোতলজাত হলে সয়াবিনের সঙ্গে পামের মিশ্রণ দেওয়ার সুযোগ থাকবে না।
সচিবালয়ের সভায় কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, ব্যবসায়ী প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।