গুরুতর অসুস্থতায় মেটলাইফের নতুন স্বাস্থ্যবিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার্ট অ্যাটাক, স্ট্রোক, শ্বাসতন্ত্রের অসুখ, ক্যানসার, কিডনির অসুখ, ডেঙ্গুসহ ৫২টি অসুস্থতায় ৮০ বছর পর্যন্ত আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ‘ক্রিটিক্যাল ইলনেস ইনস্যুরেন্স প্রোটেকশন প্ল্যান’ নামে নতুন স্বাস্থ্যবিমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ।

এই বিমায় অপেক্ষাকৃত কম সময়ের জন্য (পলিসি গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত) প্রিমিয়াম দিয়ে গ্রাহক নিজের ও পরিবারের জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। এ ছাড়া বিমা গ্রাহকের অপ্রত্যাশিত মৃত্যুতে (৮০ বছর পর্যন্ত) সর্বোচ্চ ১ কোটি টাকা আর্থিক সুরক্ষা মিলবে এতে। বিমাগ্রহীতা ৮০ বছর বয়স পর্যন্ত বিমা দাবি না করলে মেয়াদ পূর্তিতে শতভাগ পর্যন্ত পলিসি কভারেজ বা আর্থিক নিরাপত্তা পেতে পারেন।

বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও আর্থিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এ স্বাস্থ্যবিমা চালু করা হয়েছে বলে মেটলাইফের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দেশে মানুষের গড় আয়ু ৭৩ বছরে উন্নীত হলেও নাগরিক জীবনের নানা অনুষঙ্গ, যেমন দুশ্চিন্তা ও যথাযথ পুষ্টি ও ব্যায়ামের অভাবে মানুষ হার্ট অ্যাটাক, ক্যানসার ও স্ট্রোকের মতো গুরুতর অসুস্থতায় ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, দেশে ক্যানসার, হৃদ্‌রোগ ও শ্বাসতন্ত্রের রোগের মতো ছোঁয়াচে নয়, এমন অসুস্থতার কারণেই ৬৭ শতাংশ মৃত্যু হচ্ছে।

অনেক ক্ষেত্রেই দেখা যায়, জটিল রোগের ক্ষেত্রে দ্রুত রোগনির্ণয় ও চিকিৎসায় ভালো কাজ হয়, যদিও বিপুল চিকিৎসা খরচ ও ব্যক্তির সঞ্চয় ও জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ক্রিটিক্যাল ইলনেস ইনস্যুরেন্স প্রোটেকশন প্ল্যান বিমাগ্রহীতাকে চিকিৎসা খরচ বহনে সহায়তা করে।

এ ছাড়া ডেঙ্গু জ্বরে অকালমৃত্যুর ক্ষেত্রেও এই স্বাস্থ্যবিমা অতিরিক্ত আর্থিক সুরক্ষা দিয়ে থাকে।

নতুন এই স্বাস্থ্যবিমা চালু করার বিষয়ে মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী আলা আহমদ বলেন, ‘আমরা গ্রাহকদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর সমাধান দিতে চাই। আমরা দেখেছি, জটিল অসুস্থতা রোগী ও সেই পরিবারে কেমন প্রভাব ফেলতে পারে, সে জন্য আমরা সবাইকে সুস্বাস্থ্য বজায় রাখতে এবং একই সঙ্গে ক্রিটিক্যাল ইলনেস ইনস্যুরেন্স প্রোটেকশন প্ল্যানের মতো সাশ্রয়ী মূল্যের আর্থিক সুরক্ষা নিতে উৎসাহিত করছি। ভবিষ্যতে কী হবে, তা হয়তো এখনই বলা সম্ভব নয়, কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে, এই অনাগত ভবিষ্যৎ নিরাপদ রাখতে আজই পরিকল্পনা করা।’