একনেকে নতুন প্রকল্প
গ্যাস যাবে বগুড়া থেকে নীলফামারী
নীলফামারী অর্থনৈতিক অঞ্চল ও উত্তরা ইপিজেডের শিল্পকারখানায় গ্যাস দিতে ২৫৮ কোটি টাকা ব্যয়ে ১০০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে।
গ্যাস-সংকটের কারণে বাসাবাড়িতে নতুন সংযোগ দেওয়া বন্ধ। দেশে বর্তমানে প্রায় ৭০০ মিলিয়ন কিউবেক ফুট (এমসিএফ) গ্যাসের ঘাটতি রয়েছে। এ রকম সংকটের মধ্যেই এবার বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারী পর্যন্ত পাইপলাইনে গ্যাসের সংযোগ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বাসায় নয়, শিল্পকারখানায় দেওয়া হবে এই গ্যাস।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন এই গ্যাস সরবরাহ প্রকল্প অনুমোদন করা হয়েছে। ‘রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ২৫৮ কোটি টাকা, যার পুরোটাই দেওয়া হবে সরকারি কোষাগার থেকে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এই প্রকল্প বাস্তবায়ন করবে। ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে পিজিসিএল।
বর্তমানে দেশের উত্তরাঞ্চলে বগুড়া পর্যন্ত গ্যাস-সংযোগ রয়েছে, যা এবার নীলফামারী পর্যন্ত সম্প্রসারিত হবে। এ জন্য ১০০ কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপন এবং সাত একর জমি অধিগ্রহণ করা হবে। মূলত নীলফামারী অর্থনৈতিক অঞ্চল ও উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পপ্রতিষ্ঠানগুলোতে গ্যাস-সংযোগ দিতেই উদ্যোগটি নেওয়া হয়েছে। একই সঙ্গে রংপুর ও নীলফামারীতে চলমান ২৫৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রেও গ্যাস দেওয়া হবে।
গ্যাস-সংকটের মধ্যে কীভাবে শিল্পকারখানায় নতুন সংযোগ দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা কমিশনের সদস্য শরিফা খান বলেন, আমদানি করা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দিয়ে গ্যাসের চাহিদা মেটানো হবে। এ ছাড়া কয়েকটি নতুন কূপ খননের কাজ চলছে। সেখান থেকেও কিছু গ্যাস পাওয়া যেতে পারে। একনেক বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাসাবাড়িতে নতুন করে গ্যাস-সংযোগ দেওয়া হবে না। রংপুর ও নীলফামারীতে ১০২টি শিল্পকারখানায় গ্যাস-সংযোগ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও পার্শ্ববর্তী এলাকায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে। এভাবে শিল্পপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহের ফলে এই অঞ্চলে শিল্পায়নসহ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
গতকালের একনেক সভায় গোপালগঞ্জ জেলার পল্লি এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নেও ২৬১ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পটির আওতায় ট্যাংকের মাধ্যমে গ্রামীণ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারপ্রধান ‘আমার গ্রাম আমার শহর’-এর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটি তারই অংশ। ফলে শহরে মানুষ যেসব সুযোগ-সুবিধা পায়, গ্রামে বসেও একজন নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবেন।