চট্টগ্রামে আবাসন মেলা জমজমাট
জমে উঠেছে রিহ্যাবের আবাসন মেলা। গতকাল শুক্রবার ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর ভিড় ছিল মেলায়। তাঁদের অনেকেই মেলায় ঘুরে ঘুরে ফ্ল্যাটের বিস্তারিত জেনে নিয়েছেন, আবার কেউ নানা হিসাব মিলিয়ে ফ্ল্যাটের বুকিং দিয়েছেন।
চট্টগ্রাম নগরের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে চার দিনব্যাপী এ মেলা গত বৃহস্পতিবার শুরু হয়। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলার আয়োজন করে। মেলায় ঢাকা ও চট্টগ্রামের ৪৬টি প্রতিষ্ঠানের ৭১টি স্টল রয়েছে। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও ঋণদাতা আর্থিক প্রতিষ্ঠান ও ভবন নির্মাণসামগ্রীর প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
গতকাল মেলায় গিয়ে দেখা যায়, বেশির ভাগ ক্রেতা–দর্শনার্থী স্বল্প বাজেটে প্লট-ফ্ল্যাটের খোঁজ করছেন। বহদ্দারহাট থেকে মেলায় আসা সাইফুল ইসলাম নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী প্রথম আলোকে জানান, স্বল্প বাজেটে তিন বেডের একটি ফ্ল্যাট কিনতে চান তিনি। স্থান ও দাম মিলে গেলে তিনি কিনে নেবেন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে। শেষ হবে আগামীকাল রোববার। মেলায় ৫০ টাকার টিকিটে একবার ও ১০০ টাকার টিকিটে চারবার প্রবেশ করা যায়।