চাঁপাইনবাবগঞ্জ
চাষিরা আম রপ্তানির বাধা পেরোতে চান
উৎপাদনের তুলনায় রপ্তানি সামান্য। স্থানীয়ভাবে প্যাকিং ও সঙ্গনিরোধ সনদের ব্যবস্থা দরকার। ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্টেই সমাধান।
দেশে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ আম উৎপাদন হয়, তার তুলনায় বিদেশে রপ্তানির পরিমাণ খুব সামান্য। এবারের অভিজ্ঞতা থেকে আম ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, রপ্তানি না বাড়ালে আমের কাঙ্ক্ষিত দাম পাবেন না চাষিরা। তাতে ভালো আম উৎপাদনে আগ্রহ ধরে রাখা কঠিন হবে।
গত এক দশকে চাঁপাইনবাবগঞ্জের বাইরে প্রায় সারা দেশেই আম উৎপাদন বেড়েছে। ফলে দেশের বাজারে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না চাষিরা। রপ্তানি বাড়াতে না পারলে আম নিয়ে এ উৎসাহ ধরে রাখা যাবে না। এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা রপ্তানির বাধাগুলো দূর করার পাশাপাশি সরকারের পক্ষ থেকে আধুনিক উদ্যোগ আশা করছেন।
চাঁপাইনবাবগঞ্জে আমের বড় মোকাম শিবগঞ্জ উপজেলা। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এখানে ১৯ হাজার ৩১৪ হেক্টর জমির আমবাগানে এবার উৎপাদনের পরিমাণ প্রায় দুই লাখ মেট্রিক টন। কিন্তু এ পর্যন্ত হাতে গোনা কয়েকজন আমচাষির মাধ্যমে ক্ষীরশাপাতি (হিমসাগর) ও ল্যাংড়া আম রপ্তানি হয়েছে মাত্র ২৬ মেট্রিক টন। এখান থেকে আম্রপালি ও ফজলি আমও রপ্তানি হয়। সব মিলিয়ে এক শ থেকে দেড় শ টন হতে পারে।
প্ল্যান্টের জমি নির্ধারণ হয়েছে। আগে দুই বিঘা জমির জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। এখন বলা হচ্ছে এক বিঘার কথা। সংশোধনী প্রস্তাব পাঠাতে হবে। এ জন্য দেরি হচ্ছে।
শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কৃষি বিভাগের তত্ত্বাবধানে শিবগঞ্জের ২৫ জন আমচাষি উত্তম কৃষিপদ্ধতি (GAP) অনুসরণ করে রপ্তানি উপযোগী আম উৎপাদন করছেন তিন বছর ধরে। তাঁদের উৎপাদিত আমের পরিমাণ ৫০০ টনের মতো। এর বাইরে বহু আমচাষি রপ্তানি উপযোগী কয়েক হাজার টন আম উৎপাদন করলেও রপ্তানির সুযোগ পাচ্ছেন না।
কেন সুযোগ পাচ্ছেন না? চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, আম রপ্তানির সঙ্গে যুক্ত শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম খান, আমচাষি আহসান হাবিবসহ অন্যরা জানান, রপ্তানির আম দূষণমুক্ত করতে হয়। না হলে আম ফেরত আসার ঝুঁকি থাকে। এর জন্য দরকার ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট (VHT)। আবার আম বাছাইয়ের জন্য প্যাকিং হাউস ও সহজে সঙ্গনিরোধ (কোয়ারেন্টিন) সনদ পেতে চাঁপাইনবাবগঞ্জে কৃষি বিভাগের সঙ্গনিরোধ শাখা স্থাপন করা দরকার। এখন এটা করা হয় ঢাকার শ্যামপুরের প্যাকিং হাউসে পাঠিয়ে। সেখানে বাছাইয়ের সময় কিছু আম বাদ পড়ে। কিন্তু ওই আমের দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত হন চাষি ও ব্যবসায়ীরা। এ কারণেও রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন অনেকে।
জানতে চাইলে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক মেহেদী মাসুদ প্রথম আলোকে বলেন, চাঁপাইনবাবগঞ্জে ভিএইচটি প্ল্যান্ট বসানোর জন্য কাজ চলছে। প্ল্যান্ট স্থাপনের একটি প্রকল্প প্রস্তাব কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি জানান, এ প্ল্যান্টে ভ্যাপার হিট দেওয়ার পর আয়োনাইজড পানি দিয়ে ধোয়া হবে আম। এতে আমের গায়ে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া নষ্ট হবে। এর সঙ্গেই প্যাকিং সুবিধা ও সঙ্গনিরোধ সনদের ব্যবস্থা রাখা হবে।
অস্ট্রেলিয়া, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতে ভিএইচটি প্ল্যান্ট আছে। চাঁপাইনবাবগঞ্জসহ দেশের আরও এলাকায় এমন প্ল্যান্ট স্থাপন করা হলে আম রপ্তানির বাধা অনেকটা কাটবে।
অবশ্য শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম খান বলেন, ‘ভিএইচটি প্ল্যান্টের সুবিধা আমরা আগামী বছর থেকে পেতে চাই। কিন্তু ভিএইচটি প্ল্যান্টের জন্য শিবগঞ্জে এক বছর ধরে একটা জমি নির্ধারণ করা যায়নি বলে শুনছি। আমরা কেবল দেনদরবারই করছি।’
তবে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. নুরুল ইসলামের দাবি, প্ল্যান্টের জমি নির্ধারণ করা হয়ে গেছে। কিন্তু আগে দুই বিঘা জমির জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। এখন বলা হচ্ছে এক বিঘার কথা। সংশোধনী প্রস্তাব পাঠাতে হবে। এ জন্য দেরি হচ্ছে।