ছাড়পত্রে দেরি করলে পরিবেশ অধিদপ্তরের সম্মতি ছাড়াই কাজ শুরু
উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেতে দেরি হওয়ার অভিযোগটা বেশ পুরোনো। ছাড়পত্র পেতে দেরি হওয়ার বিষয়টি গড়িয়েছে সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত। সময়ের মধ্যেই ছাড়পত্র দিয়ে দিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময়ের মধ্যে ছাড়পত্র না দিলে প্রস্তাবটি অনুমোদিত বলে গণ্য হবে। কিছুতেই চুপচাপ বসে থাকা যাবে না। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দিতে দেরি করা নিয়ে আলোচনাটি উঠে আসে আজ একনেক সভায়। ৬৪৩ কোটি টাকা ব্যয়ে ‘কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কটি কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শিরোনামের প্রকল্পটি অনুমোদনের সময় জানানো হয়, এ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে প্রচুর গাছ কাটা পড়বে। এই গাছ কাটার পরে নতুন করে গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তখন আলোচনায় উঠে আসে, প্রকল্প বাস্তবায়ন করার আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আনতে অনেক সময় চলে যায়। এতে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হয়।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পে ছাড়পত্র দিতে আমলাতান্ত্রিক জটিলতা দেখা যায়।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই ছাড়পত্র দিতে হবে পরিবেশ অধিদপ্তরকে। ওই সময়ে না দিলে মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে বিবেচনা করা হবে। তখন ছাড়পত্র ছাড়াই প্রকল্প বাস্তবায়ন শুরু করতে পারবে। অনির্দিষ্টকালের জন্য তো আর বসে থাকা যাবে না। কোনো কাজ ফেলে রাখার সুযোগ নেই। চুপচাপ বসে থাকবেন সে সুযোগ নেই। তাই দ্রুত ছাড়পত্র দিতে হবে।’