বাংলাদেশ-আফগানিস্তান বাণিজ্য
ছোট বাজারে বড় অনিশ্চয়তা
বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২ কোটি ৮৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৪৩ কোটি টাকার সমান।
করোনাকালে হঠাৎ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বেড়ে যায়। যেমন বিদায়ী ২০২০-২১ অর্থবছরে দেশটিতে ৮৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। অথচ এর আগের অর্থবছর রপ্তানি করেছিল ৫৭ লাখ ডলারের পণ্য। বিদায়ী অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশের পণ্য আমদানি দ্বিগুণের বেশি বেড়ে দুই কোটি ডলার হয়েছে।
বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২ কোটি ৮৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৪৩ কোটি টাকার সমান (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। অন্য অনেক দেশের তুলনায় পরিমাণটি খুবই নগণ্য। অবশ্য এটিও অনিশ্চয়তায় পড়ে গেছে আফগানিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতায়। তালেবান বাহিনী দেশটির অধিকাংশ প্রদেশের পর রাজধানী কাবুলও নিয়ন্ত্রণে নিয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়েছেন। দেশ ছেড়ে যেতে বিমানবন্দরে ভিড় করেছেন হাজার হাজার আফগান নাগরিক। সব মিলিয়ে দেশটি জুড়েই বিশৃঙ্খল অবস্থা চলছে।
বাংলাদেশি রপ্তানিকারকেরা বলছেন, আফগানিস্তানের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে। তবে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। কারণ, রপ্তানির পরিমাণ খুবই কম। দেশটির রাজনৈতিক অবস্থার উন্নতি হলে আবার ব্যবসার সুযোগ বাড়তেও পারে। আয়তনে বাংলাদেশের চেয়ে সাড়ে চার গুণ বড় দেশটিতে কিছু পণ্যের ভালো চাহিদা রয়েছে।
জানা যায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর কাছে ২০০১ সালে তৎকালীন তালেবান সরকারের পতন হয়। তারপর ধীরে ধীরে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য শুরু হয়। ২০০৫-০৬ অর্থবছরে ৯ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়। তখনো আমদানি ছিল শূন্য। ২০০৯-১০ অর্থবছরে আমদানি হয় ৭ লাখ ৭০ হাজার ডলারের পণ্য। অবশ্য ২০১৫-১৬ অর্থবছরে আফগানিস্তানে রপ্তানির চেয়ে দেশটি থেকে আমদানি বেশি হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, বিদায়ী ২০২০-২১ অর্থবছরে আফগানিস্তানে ৮৬ লাখ ডলারের পণ্য রপ্তানির মধ্যে ওষুধই ছিল ৭৬ লাখ ডলারের। তা ছাড়া ২ লাখ ৯৩ হাজার ডলারের প্রক্রিয়াজাত খাদ্য, ৮১ হাজার ডলারের কাচ ও কাচের তৈজস এবং ৭০ হাজার ডলারের তৈরি পোশাক হয়।
আফগানিস্তানে নুডলস, বিস্কুটসহ বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করে প্রাণ-আরএফএল গ্রুপ। সর্বশেষ গত মাসেও আফগানিস্তানে পণ্য রপ্তানি করে তারা।
জানতে চাইলে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল গতকাল সোমবার বলেন, ‘আফগানিস্তান থেকে সম্প্রতি আরেকটি ক্রয়াদেশ পেয়েছিলাম। রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ায় আপাতত সেটি স্থগিত রয়েছে।’ তিনি বলেন, ‘বাজারটিতে সম্ভাবনা আছে। দেশটির ভোক্তারা দ্রুতই আমাদের পণ্য গ্রহণ করেছিলেন।’
বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সহসভাপতি ছৈয়দ মো. শোয়াইব হাছান প্রথম আলোকে বলেন, ‘বছর তিনেক আগে আফগানিস্তানের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। তবে দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা বিনিয়োগের প্রস্তাবে সায় দিইনি। আবার কয়েকটি প্রতিষ্ঠান পণ্য আমদানির আগ্রহ দেখিয়েছিল। কিন্তু আতঙ্কের কারণে দেশটিতে যাওয়া হয়নি। ব্যবসাও করা হয়নি।’ দেশটির অবস্থা ভালো হলে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি আরও বাড়ানো যাবে বলে মনেকরেন তিনি।
তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে তৃতীয় শীর্ষ দেশ। তারপরও আফগানিস্তানে পণ্যটি রপ্তানির পরিমাণ খুবই কম। বিদায়ী অর্থবছরে দেশটিতে ৭০ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়। এর আগের বছর রপ্তানি হয়েছিল মাত্র ৬ হাজার ৩০৫ ডলারের পোশাক। হঠাৎ পোশাক রপ্তানি বেড়ে যাওয়ার কারণ অবশ্য বলতে পারছেন না পোশাকশিল্প মালিকদের সংগঠনের নেতারা।
জানতে চাইলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আফগানিস্তানে কোন প্রতিষ্ঠান পোশাক রপ্তানি করে, সেটি জানা নেই। তাঁর ধারণা, দেশটিতে পোশাক রপ্তানি হলেও দুবাই, কাতার বা মধ্যপ্রাচ্যের অন্য দেশ থেকে ক্রয়াদেশ আসে। তিনি আরও বলেন, ‘দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, তার ওপর পোশাকের রপ্তানি নির্ভর করছে। তবে আহামরি কোনো ক্ষতি হবে না। পোশাক রপ্তানিতে আফগানিস্তান বা ইরান কখনোই আমাদের টার্গেট নয়।’
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আফগানিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে স্বল্প মেয়াদে অনিশ্চয়তা রয়েছে। তবে দীর্ঘ মেয়াদে দেশটিতে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। যদিও তা দুটি বিষয়ের ওপর নির্ভর করছে। এক. রাজনৈতিক স্থিতিশীলতা। তালেবান বাহিনীর নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর অদূর ভবিষ্যতে স্থিতিশীলতা আসলে তা ব্যবসা-বাণিজ্য করার নতুন ক্ষেত্র তৈরি করতে পারে। দুই. বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক।