ছয় মাসে লক্ষ্যমাত্রার ৩৯% শুল্ক-কর আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার মাত্র ৩৯ শতাংশ আদায় করা সম্ভব হয়েছে। এই সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি টাকার শুল্ক-কর আদায় করেছে। চলতি অর্থবছরে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। এনবিআরের হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

অবশ্য গতবারের চেয়ে রাজস্ব আদায়ের গতি তুলনামূলক ভালো। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৮২ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ১ লাখ ১০ হাজার ৫০১ কোটি টাকার শুল্ক-কর আদায় হয়েছিল।

করোনা মহামারির কারণে এমনিতেই ব্যবসা-বাণিজ্যে আগের মতো চাঙাভাব নেই। তবু চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে আশাবাদী এনবিআর। গত ২৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, করোনার কারণে বড় ধরনের বিধিনিষেধ না এলে এবং সবকিছু ঠিক থাকলে এবার লক্ষ্য অর্জন সম্ভব হবে।

জুলাই-ডিসেম্বর সময়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে স্থানীয় পর্যায়ে ভ্যাট খাতে। এ খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ৪৮ হাজার ২৬১ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ১৩ শতাংশ। অন্যদিকে আমদানি বৃদ্ধির কারণে এ পর্যায়েও আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক আদায় বেড়েছে। এ খাতে আদায় হয়েছে ৪১ হাজার ১৯৪ কোটি টাকা। প্রবৃদ্ধি ২২ শতাংশের বেশি। এ ছাড়া ৩৯ হাজার ৬৩৪ কোটি টাকার আয়কর বা প্রত্যক্ষ কর আদায় হয়েছে।