জটে বিশ্বের বহু বন্দর, ফাঁকা চট্টগ্রাম

সাময়িক জাহাজজটমুক্ত হওয়ায় স্বস্তি চট্টগ্রাম বন্দরে। তবে পণ্য পরিবহন কমে গেলে অর্থনীতির জন্য অস্বস্তির হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর
প্রথম আলো ফাইল ছবি

চীন, ভিয়েতনাম, ইউরোপ, যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রের বহু বন্দরে কনটেইনার জাহাজের জট লেগে আছে অনেক দিন ধরে। করোনা সংক্রমণ ঠেকাতে নেওয়া নানা পদক্ষেপ এবং পণ্য পরিবহনের চাপে এই জট তৈরি হয়েছে। শিগগির জটমুক্ত হওয়ার আভাস মিলছে না। এই তালিকায় গত মাসেও ছিল চট্টগ্রাম বন্দরের নাম। তবে এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কনটেইনার জাহাজের জটমুক্ত হয়েছে চট্টগ্রাম বন্দর। জট না থাকায় ১০ দিন ধরে দিনে দিনে পণ্যবাহী কনটেইনার জাহাজ জেটিতে ভেড়ানো হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান প্রথম আলোকে বলেন, কনটেইনারবাহী জাহাজের চাপ সামলাতে নানা পদক্ষেপে মূলত জট কমে গেছে। ডিপোতে যেমন রপ্তানি পণ্যের জট নেই, বন্দরেও তেমনি কনটেইনার ৪০ হাজারের নিচে নেমেছে। আবার অপেক্ষা না করেই জাহাজ সরাসরি জেটিতে ভেড়ানো হচ্ছে। সমস্যা শনাক্ত করে কয়েকটি পদক্ষেপ নেওয়ায় এই সুফল মিলেছে।

কনটেইনার জাহাজের জটে বারবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া চট্টগ্রাম বন্দরে জট না থাকায় আপাতত স্বস্তি বন্দর কর্মকর্তাদের। বন্দরের হিসাবে, এ সময়ে কনটেইনারে পণ্য আমদানি কিছুটা কমেছে। আমদানি পণ্য পরিবহন কমে যাওয়ার কারণে কনটেইনার জাহাজের জট কমে গেলে তা হবে অর্থনীতির জন্য অস্বস্তির। কারণ, এই একটিমাত্র বন্দর দিয়ে দেশের আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনারের ৯৮ শতাংশ আনা-নেওয়া হয়। এই বন্দর দিয়ে কনটেইনার পরিবহন কমে যাওয়া মানে দেশে আমদানি-রপ্তানি বাণিজ্য কমে যাওয়া।

বিশ্বের বহু বন্দরে জটের কারণে ‘জট ফি’ নামে বাড়তি ভাড়া আরোপ করেছে শিপিং কোম্পানিগুলো। শীর্ষস্থানীয় নয়টি শিপিং কোম্পানি এই বাড়তি ভাড়া কার্যকর শুরু করেছে। জট না থাকায় চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পরিবহনে এ রকম কোনো বাড়তি ফি আরোপ করা হয়নি।

জটমুক্ত হলো যেভাবে

করোনার কারণে বন্দর দিয়ে কনটেইনারে পণ্য পরিবহন বাড়েনি। তাতে অনেকটা জটমুক্ত থাকার কথা বন্দরের। তবে সরকারি আমদানির চালের জাহাজকে অগ্রাধিকার দিতে গিয়ে মাসখানেক আগে কনটেইনারবাহী জাহাজ বরাদ্দ কমিয়ে দিয়েছিল বন্দর। তাতেই বন্দর জেটিতে ভেড়ানোর জন্য দু-তিন-চার দিন অপেক্ষা করতে হতো কনটেইনারবাহী জাহাজকে। আবার চট্টগ্রাম থেকে কলম্বো হয়ে ইউরোপ-আমেরিকায় রপ্তানি পণ্য পরিবহনও বেড়ে যায়। সে অনুযায়ী এই রুটে জাহাজ না থাকায় বেসরকারি কনটেইনার ডিপোতে রপ্তানি পণ্যের জট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

জানতে চাইলে এমএসসি বাংলাদেশ লিমিটেডের অপারেশন ও লজিস্টিকস বিভাগের প্রধান আজমীর হোসাইন চৌধুরী প্রথম আলোকে বলেন, জট কমাতে বন্দর কর্তৃপক্ষ কলম্বোগামী জাহাজগুলোকে অগ্রাধিকার সুবিধা দিয়েছে। তাতে এ পথে জাহাজ চলাচল বেড়েছে।

সামনে কী হবে

কনটেইনার পরিবহনে চীনের সাংহাই প্রথম, সিঙ্গাপুর দ্বিতীয় এবং নিংবো তৃতীয় অবস্থানে। এই তিন বন্দরে জাহাজজট লেগে আছে। এশিয়া থেকে ইউরোপ ও আমেরিকার বড় বন্দরগুলোতে এখন প্রধান খবর কনটেইনার জাহাজের জট। বৈশ্বিক প্রভাব থেকে কত দিন মুক্ত থাকতে পারবে চট্টগ্রাম, তা নির্ভর করে দেশের আমদানি-রপ্তানির ওপর।

শিপিং এজেন্টরা মনে করেন, চট্টগ্রাম সাময়িক জটমুক্ত হলেও সামনে একেবারে ফাঁকা থাকবে না বন্দর। আবার কনটেইনারবাহী জাহাজের খুব বেশি চাপ বাড়বে না। তবে সামনে বন্দর ফাঁকা না থাকলেও কনটেইনারবাহী জাহাজগুলোকে বড়জোর এক-দুই দিন অপেক্ষা করতে হবে জেটিতে ভেড়ানোর জন্য। আমদানি পণ্য বাড়ার হার না থাকায় খুব বেশি চাপে না-ও পড়তে পারে বন্দর।