জনমিতির সুবিধা বেশি দিন নেই

টুমো হোজুমির পরামর্শ, বাংলাদেশকে যথাযথ নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এই সুবিধা নিতে হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগোষ্ঠীতে তরুণদের সংখ্যা বেশি থাকলে কর্মক্ষম মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। হ্রাস পায় নির্ভরশীল মানুষের সংখ্যা। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এই জনমিতির সুবিধা লাভ করছে। ২০৩৩ সাল পর্যন্ত এ সুবিধা থাকবে। ফলে তরুণ জনগোষ্ঠীর এই সংখ্যাধিক্য কাজে লাগাতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেরও ভূমিকা পালন করতে হবে।

গতকাল আইসিসি বাংলাদেশ ও ইউনিসেফ আয়োজিত ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইন বাংলাদেশ: রোল অব প্রাইভেট সেক্টর’ শীর্ষক এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, তরুণদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও কাজ করবে।

দেশের কর্মশক্তির বড় অংশই কাজ করছে অপ্রাতিষ্ঠানিক খাতে। এতে তরুণদের শক্তি পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের মতে, এই তরুণদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে স্থানীয় চাহিদা সৃষ্টির মাধ্যমে প্রবৃদ্ধির পালে আরও হাওয়া দিতে হবে।

একই সুরে কথা বলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনজীবী নিহাদ কবির। তিনি বলেন, শিক্ষায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে হবে। একই সঙ্গে তরুণদেরও মনোভাব বদলানো দরকার। হাঁস-মুরগির খামার, গরু পালন-এসব তাঁদের কাছে কাজ বলে মনে হয় না।

অনুষ্ঠানে জনমিতির সুবিধা উপস্থাপন করেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টুমো হোজুমি। তিনি বলেন, ২০৩৩ সাল থেকে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত হ্রাস পেতে শুরু করবে। জাতিসংঘের সূত্রানুসারে তিনি বলেন, বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলে বাংলাদেশ খুব দ্রুতই বয়স্ক মানুষের দেশে পরিণত হবে। জনমিতির সুবিধা যেখানে প্রায় ৫৫ বছর পাওয়া গেছে, সেখানে বয়স্ক মানুষের দেশে পরিণত হতে সময় লাগবে মাত্র ১৮ বছর। টুমো হোজুমির পরামর্শ, বাংলাদেশকে যথাযথ নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এই সুবিধা নিতে হবে।

তরুণদের প্রস্তুত করতে শিশুকাল থেকেই তাদের জন্য বিনিয়োগ করতে হবে বলে বক্তাদের মত। আবার সরকার যে বিনিয়োগ করে, তার সব কাজেও লাগে না বলে আক্ষেপ করেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি। তিনি টুমো হোজুমির সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রাথমিক শিক্ষার মান ভালো না হলে জাতির ভিত শক্তিশালী হবে না, সেটাই স্বাভাবিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট রোকিয়া আফজাল রহমান এবং এ কে আজাদ, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।