ডিসেম্বরে প্রবাসী আয় কিছুটা বেড়েছে
বিদায়ী ২০২১ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা কিছুটা বেশি রেমিট্যান্স তথা প্রবাসী আয় পাঠিয়েছেন। এই আয় আগের মাস নভেম্বরের তুলনায় বেশি, তবে আগের বছরের ডিসেম্বরের তুলনায় বেশ কম।
আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা যায়, প্রবাসীরা ডিসেম্বরে দেশে ১৬৩ কোটি ডলার পাঠিয়েছেন, যা নভেম্বরে ছিল ১৫৫ কোটি ডলার। আগের চার মাসে প্রবাসী আয়ের পরিমাণ ছিল যথাক্রমে অক্টোবরে ১৬৪ কোটি ডলার, সেপ্টেম্বরে ১৭২ কোটি ডলার, আগস্টে ১৮১ কোটি ডলার। গত মে মাসে প্রবাসী আয় এসেছিল ২১৭ কোটি ডলার। এরপর টানা ছয় মাস প্রবাসী আয় কমছে। অবশেষে ডিসেম্বরে এসে তা কিছুটা বেড়েছে।
সার্বিকভাবে ২০২১ সালের জুলাই-ডিসেম্বর ছয় মাসে প্রবাসী আয় এসেছে ১ হাজার ২৩ কোটি ডলার। এই আয় ২০২০ সালের একই সময়ে ছিল ১ হাজার ২৯৪ কোটি ডলার। চলতি অর্থবছরে কমেছে প্রায় ২১ শতাংশ।
এদিকে প্রবাসী আয় বাড়াতে গতকাল শনিবার থেকে প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে আজ বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। ফলে প্রবাসীরা এখন থেকে দেশে অর্থ পাঠানোর বিপরীতে আড়াই শতাংশ হারে প্রণোদনা পাবেন। অর্থাৎ একজন প্রবাসী দেশে ১০০ টাকা পাঠালে আড়াই টাকা করে প্রণোদনা পাবেন। আগে প্রণোদনার হার ছিল ২ শতাংশ। প্রবাসী আয়ের ধারাবাহিক পতন ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে বৈশ্বিক অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন প্রবাসীদের পাঠানো আয়ে বড় ধাক্কা লাগতে শুরু করেছে। ব্যাংকিং চ্যানেলে তথা বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর বিপরীতে প্রণোদনা বহাল থাকলেও গত নভেম্বরে যে প্রবাসী আয় আসে, তা ছিল ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন।
অবশ্য অবৈধ পথে প্রবাসী আয় পাঠালে দেশে বৈধ পথের চেয়ে বেশি অর্থ পাওয়া যায়। যেমন বর্তমানে ব্যাংকিং চ্যানেলে ডলারের মূল্য যেখানে ৮৫ টাকা ৮০ পয়সা, সেখানে খোলাবাজারে তা ৯০ টাকার বেশি। এ কারণে অনেক প্রবাসীই বৈধ পথের পরিবর্তে অবৈধ পথে অর্থ পাঠান বলে মনে করা হয়।