দক্ষিণাঞ্চলে বিনিয়োগের বিষয়ে অনেকে আগ্রহ দেখাচ্ছেন

দিদার উদ্দিন আহমেদ একজন মৎস্য ব্যবসায়ী। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। পদ্মা সেতু চালু হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যে কী প্রভাব পড়েছে, তা নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস ও কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিদার উদ্দিন আহমেদ

প্রশ্ন :

পদ্মা সেতু চালু হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের ওপর কী প্রভাব পড়েছে?

দিদার উদ্দিন আহমেদ: অবশ্যই প্রভাব পড়েছে। সবচেয়ে বড় যে সুবিধা হয়েছে তা হলো, আমাদের সময় সাশ্রয় হচ্ছে। আগে ব্যবসায়ীদের ঢাকায় গিয়ে কেনাকাটার জন্য দু-তিন দিন থাকতে হতো। এখন ঢাকায় গিয়ে আর থাকতে হবে না। ব্যবসায়ীরা এখন সরাসরি ঢাকায় গিয়ে মালামাল ক্রয় করে আবার দিনের মধ্যেই ফিরতে পারবেন। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। এ কারণে স্থানীয় ক্রেতারাও এখন ন্যায্যমূল্যে যেকোনো পণ্য কিনতে পারবেন।

প্রশ্ন :

আর কী প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন?

দিদার উদ্দিন আহমেদ: সবচেয়ে বড় সুখবর হলো, দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এ এলাকায় নতুন করে বিনিয়োগ বা তাঁদের ব্যবসা সম্প্রসারণের চিন্তা করছেন। আমার সঙ্গে ইতিমধ্যে তাঁরা কেউ কেউ যোগাযোগও করেছেন। একজন পায়রা বন্দরসংলগ্ন ভালো কোনো জায়গায় এবং কুয়াকাটা পর্যটন এলাকায় হোটেল করতে চাইছেন। তিনি জমি খুঁজছেন। আরেকজন বড় একটি মার্কেট নির্মাণ করতে চান, যেখানে সব ধরনের পণ্যসামগ্রীর দোকান থাকবে। তিনিও চাইছেন পায়রা বন্দর ও কুয়াকাটায় বিনিয়োগ করতে। পদ্মা সেতু চালু হওয়ার কারণেই এ সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

প্রশ্ন :

আপনি একজন মৎস্য ব্যবসায়ী। এ অঞ্চল থেকে কী পরিমাণ মাছ দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করা হয়? আগের এবং বর্তমান পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করছেন?

দিদার উদ্দিন আহমেদ: কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে প্রতিবছর ৩৫-৪০ হাজার মেট্রিক টন ইলিশ মাছ আহরিত হয়। এ ছাড়া সাগর ও নদ-নদী থেকে চিংড়ি, কোরাল, ভোল, লইট্যা, ফাহা, চাপিলা, পারসে, তাইরা, রুপচাঁদা, আইড়সহ গুরুত্বপূর্ণ অন্যান্য প্রজাতির দুই লাখ মেট্রিক টন মাছ আহরিত হয়। শিং-মাগুর, পাঙাশ, গুলসা, টেংরাসহ দেশীয় প্রজাতির ১২-১৫ হাজার মেট্রিক টন মাছ আহরিত হয়। এসব মাছ ঢাকায় পাঠাতে আমাদের দুর্দশার শেষ ছিল না। সেই দুঃসময় কেটে গেছে। পদ্মা সেতু চালু হওয়ায় আমি একজন মৎস্য ব্যবসায়ী হিসেবে সবচেয়ে বেশি আনন্দিত। এর কারণ হলো, আগে আমাদের ঢাকার বাজারে ইলিশসহ অন্যান্য মাছ নিয়ে যেতে ১২-১৩ ঘণ্টা, কখনো কখনো ২৩-২৪ ঘণ্টা সময় লাগত। এতে যেমন ভোগান্তি ছিল, তেমনি মাছের গুণগত মানও ঠিক রাখা যেত না। এখন দ্রুত সময়ে ঢাকায় মাছ বাজারজাত করা যাচ্ছে। শুধু ঢাকায় নয়, আমরা এখন চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, নাটোরের বাজারে মাছ বিক্রির চিন্তা করছি।

প্রশ্ন :

পদ্মা সেতু চালু হওয়ায় এ এলাকার মানুষের আর কী সুবিধা হয়েছে?

দিদার উদ্দিন আহমেদ: এ অঞ্চলের মানুষের যাতায়াতে ভীষণ কষ্ট ছিল। কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত যাতায়াতে ১২-১৩টি ফেরি ছিল। বাসে করে যাঁরা ঢাকায় যাতায়াত করতেন, তাঁদের এসব ফেরি পারাপারে ঘণ্টার পর ঘণ্টা, কখনো কখনো এক-দুই দিন ফেরিঘাটে থাকতে হয়েছে। এ ভোগান্তি ছিল অবর্ণনীয়। আপনজনের মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে রওনা হয়ে সঠিক সময়ে নিজ বাড়িতে পৌঁছাতে না পারার বেদনাদায়ক বহু ঘটনা রয়েছে। অথবা চিকিৎসার জন্য রোগী নিয়ে হাসপাতালে যেতে পারেনি বহু মানুষ। অনেক রোগী ফেরিঘাটেই মারা গেছে। পদ্মা সেতু দিন বদল করেছে। ইতিমধ্যে ঢাকা-কুয়াকাটা সড়কপথে অন্তত ১০টি বিলাসবহুল পরিবহন যুক্ত হয়েছে। যাত্রীসেবায় এটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। স্থানীয় ব্যবসায়ীদের জন্যও এটা ইতিবাচক। এতে ব্যবসায়ীরা দারুণভাবে উপকৃত হয়েছেন।

প্রশ্ন :

পর্যটন ব্যবসার অগ্রগতি কতটুকু হতে পারে?

দিদার উদ্দিন আহমেদ: কুয়াকাটা, তালতলী, রাঙ্গাবালীর মতো সুন্দর স্পটগুলো নিয়ে ‘পর্যটন হাব’ করার পরিকল্পনা আছে মাননীয় প্রধানমন্ত্রীর। এখন সে সম্ভাবনা আরও ঘনিয়ে উঠছে।

প্রশ্ন :

আপনারা স্থানীয় ব্যবসা-বাণিজ্য নিয়ে নতুন করে ভাবছেন কি না?

দিদার উদ্দিন আহমেদ: কুয়াকাটা ও পায়রা বন্দর এলাকায় ব্যবসায়ীসহ পর্যটকেরা আসছেন। কলাপাড়া পৌর শহরের ওপর চাপ বাড়ছে। এখানকার খাবার হোটেল-আবাসিক হোটেলের মান বাড়াতে আমরা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উৎসাহিত করছি। এ ছাড়া স্থানীয় বাজারের ব্যবসায়ীদের নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। এর কারণ হলো, সবকিছু যুগোপযোগী করা, সময়ের সঙ্গে সবকিছু ঢেলে সাজানো দরকার। স্থানীয় ব্যবসায়ীরাও আমাদের আহ্বানে সাড়া দিচ্ছেন। আমরা চাই, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ২৩৬ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। তা না হলে কুয়াকাটার সড়কে চাপ বাড়বে।