করোনার মধ্যে গত দেড় বছরে মানুষের জীবনে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। শিক্ষা কার্যক্রম এখন পুরোপুরি অনলাইননির্ভর। সাধারণ ছুটি ও বিধিনিষেধের মধ্যে কর্মক্ষেত্রও যন্ত্রনির্ভর হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই ল্যাপটপের বিক্রি তখন বেড়ে যায়। তবে এ বছরের তৃতীয় প্রান্তিকে ল্যাপটপের বিক্রি কিছুটা কমে এসেছে। তবে ক্রেতাদের ঝোঁক উচ্চমূল্যের যন্ত্রের প্রতি।
মাইক্রোসফট অ্যাকটিভেশনের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে প্রায় ১৬ হাজার নতুন ল্যাপটপ ইন্টারনেটে সচল হয়েছে। করোনা আসার পর সে বছর জুলাই মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬ হাজার, যা কমতে শুরু করে আগস্ট থেকে। ২০২১ সালের জানুয়ারি থেকে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, এ বছর প্রতি মাসে গড়ে ১৩ হাজার ৩০০ নতুন ল্যাপটপ সচল হয়েছে। তবে বিক্রীত ল্যাপটপের অন্তত ১০ শতাংশ ইন্টারনেটে সংযুক্ত হয় না বলে জানা গেছে।
২০২০ সালে সচল হওয়া ল্যাপটপের মধ্যে সাড়ে পাঁচ হাজার ল্যাপটপ ছিল গ্রাফিকস কার্ড সংবলিত হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ। ২০২১ সালের আগস্ট পর্যন্ত ইন্টারনেটে সচল হয়েছে ছয় হাজার নতুন গেমিং ল্যাপটপ। ল্যাপটপ প্রস্তুতকারক ও বিক্রেতা প্রতিষ্ঠানগুলো মনে করছে, বছর শেষে উচ্চক্ষমতার এই ল্যাপটপগুলোর বিক্রির পরিমাণ দাঁড়াবে ১০ হাজার।
বাংলাদেশে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাপটপের বড় একটি অংশ সরবরাহ করছে আসুস। আসুসের বাংলাদেশ প্রধান মো. আল ফুহাদ প্রথম আলোকে বলেন, করোনার দ্বিতীয় বছরে এসে ল্যাপটপের বাজার অন্তত ৩০ শতাংশ পড়ে গেছে, তবে গেমিং ল্যাপটপের বিক্রি বেড়ে যাওয়ায় টার্নওভার কমেছে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ। ঈদুল আজহার আগে ১৬ জুলাই বিধিনিষেধ শিথিল হওয়ার পর এক দিনেই প্রতিষ্ঠানটি বিক্রি করে ৫৮টি গেমিং ল্যাপটপ।
আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি ঘুরে জানা যায়, আরডিএক্স বা জিটিএক্স গ্রাফিকস কার্ড সংবলিত একটি ল্যাপটপের দাম ৭০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে, যেখানে সাধারণ একটি ল্যাপটপের দাম ২৮ থেকে ৬০ হাজার। সাধারণত গ্রাফিকস, মোশন গ্রাফিকস বা ভার্চ্যুয়াল রিয়েলিটি ডিজাইন করতে গেমিং ল্যাপটপের দরকার হয়। এ ছাড়া যাঁরা ল্যাপটপে গেম খেলেন এবং গেমের প্রতিযোগিতায় অংশ নেন, তাঁদের এই কম্পিউটার প্রয়োজন হয়। করোনায় এ ধরনের পেশায় কাজের সুযোগ বৃদ্ধি পাওয়ায় উচ্চমূল্যের যন্ত্রের বিক্রি বেড়েছে।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছাড়াও তুলনামূলক বেশি দামের আইওএস অপারেটিং সিস্টেমের অ্যাপল কম্পিউটারের বিক্রি ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বেড়েছে। অ্যাপলের বাংলাদেশে অনুমোদিত বিক্রেতা এক্সিকিউটিভ মেশিনের ব্যবস্থাপক মাহমুদ হাসান মাশফিক জানান, ২০২০ সালের তুলনায় ২০২১ সালের আগস্ট পর্যন্ত অ্যাপলের পিসি বিক্রি বেড়েছে ১.৪ গুণ।
করোনার দ্বিতীয় বছর ল্যাপটপের বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে অবশ্য জোগানের ঘাটতিকে দায়ী করেছেন বিক্রেতারা। অধিকাংশ ল্যাপটপ প্রস্তুতকারকের বাংলাদেশে কার্যালয় না থাকায় চাহিদা অনুযায়ী জোগান পেতে সমস্যা হয় বলে জানান বিক্রেতারা।
আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটি মার্কেটের বিক্রেতা শঙ্কু চক্রবর্তী জানান, জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি, ১০টি ল্যাপটপ অর্ডার করলে আসে তিনটি। আবার এই তিনটি কম্পিউটার আনতে খরচ পড়ে অন্য সময়ের চেয়ে বেশি।