দুই শতাধিক প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে বাজেট ২০২২–২৩

আগামী ২০২২–২৩ অর্থবছরের বাজেটকে ব্যবসাবান্ধব করতে আয়কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত দুই শতাধিক প্রস্তাব তুলে ধরেছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। গতকাল রোববার চট্টগ্রাম চেম্বারে প্রাক্–বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সামনে এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে এ আলোচনার আয়োজন করা হয়।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম কয়েকটি প্রস্তাব তুলে ধরে বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বেগবান করতে হলে এসব প্রস্তাবকে প্রাধান্য দেওয়া উচিত। দেশীয় শিল্পের সুরক্ষায় বেশ কিছু খাতে করভার কমানোর সুপারিশ করেন তিনি। এ ছাড়া বৃহত্তর চট্টগ্রামের বে টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ বাস্তবায়নাধীন বড় প্রকল্পগুলো দ্রুত শেষ করতে বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে অর্থ বরাদ্দের প্রস্তাব দেন তিনি।

সভায় বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী বলেন, ‘গত ৩ বছরে অগ্রিম করের ২০০ কোটি টাকা ফেরত পাওয়ার কথা থাকলেও পাইনি। নিরীক্ষা শেষ হলে ফেরত দেওয়ার কথা জানিয়েছে রাজস্ব বিভাগ। অথচ নিরীক্ষার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের মতো নিবন্ধিত কোম্পানির সর্বোচ্চ করহার সাড়ে ২২ শতাংশ হওয়ার কথা। অথচ আমদানি, সরবরাহসহ সব পর্যায়ে করহার মিলিয়ে ৩৭ শতাংশ কর দিতে হচ্ছে।’

সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সহসভাপতি জহির উদ্দিন আহমেদ ইউক্রেন–রাশিয়ার মধ্যে যুদ্ধের এ সময়ে দুই শতাংশ আয়কর প্রত্যাহারের সুপারিশ করেন।

ব্যবসায়ীদের প্রস্তাবের ওপর বক্তব্য দেন এনবিআর সদস্য মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা ও সামস উদ্দিন আহমেদ। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর।

ব্যবসায়ীদের আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কর ও ভ্যাটের কোথায় কোথায় ব্যবসার অন্তরায়, তা গত দুই বছরে ধাপে ধাপে শনাক্ত করার চেষ্টা করছি। করের বোঝা কমিয়ে ব্যবসাবান্ধব দেশ গড়তে কাজ করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, দেশীয় শিল্পের সক্ষমতা না থাকলে ঢালাওভাবে সহযোগিতা করে ভোক্তাদের ভালো মানের পণ্য পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না। কোন জায়গায় কতটুকু দেশীয় শিল্পের সক্ষমতা তৈরি হলো এবং কতটুকু সহযোগিতা কোন পর্যায়ে দিতে হবে, তা বিবেচনা করা হচ্ছে।