বিশ্ব দুগ্ধ দিবস আজ
‘দুধে–ভাতে’ থাকা এখনো দুরাশা
দুধের উৎপাদন বাড়াতে হবে। এর জন্য দরকার খামারিদের উন্নয়ন। সহজলভ্য করতে হবে গোখাদ্য।
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।’
অষ্টাদশ শতকের বাঙালি কবি ভারতচন্দ্র রায় গুণাকরের এমনটাই প্রার্থনা ছিল। কিন্তু এ দেশে সব মানুষের ভাগ্যে এখনো দুধ জোটে না।
দেশে গত এক দশকে দুধের উৎপাদন বেড়েছে। মাথাপিছু প্রতিদিন কী পরিমাণ দুধ খেতে হবে, তার মানদণ্ড ঠিক আছে। তবে দেশের মানুষ সেই চাহিদার নিরিখে কতটুকু দুধ পাচ্ছে, সেই হিসাবে ফারাক আছে খোদ সরকারি একাধিক দপ্তরের মধ্যে। চাহিদার তুলনায় প্রাপ্যতা নিয়ে ফারাক থাকলেও সব উৎসই বলছে, দেশের মানুষ এখনো প্রয়োজনের তুলনায় কম দুধ পান করে। কারণ, দেশে আর্থসামাজিক অবস্থা নাজুক হয়ে গেছে। তাই প্রয়োজনের তুলনায় দুধের প্রাপ্যতা আরও কমবে বলেই আশঙ্কা পুষ্টিবিদ, অর্থনীতিবিদ ও ডেইরিসংশ্লিষ্ট ব্যক্তিদের। তাঁদের কথা, দুধপানের পরিমাণ বাড়াতে উৎপাদন বাড়াতে হবে। এর জন্য খামারিদের উন্নয়ন দরকার। গোখাদ্য সহজলভ্য করতে হবে। খামার থেকে ভোক্তা পর্যায়ে যেতে মধ্যস্বত্বভোগীদের তৎপরতা আছে। আর এর ফলে আখেরে ক্ষতি গুনছে ক্রেতা।
এমন এক পরিস্থিতিতে আজ মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। দুগ্ধ খাতের কার্যক্রম বাড়াতে ২০০১ সাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, একজন মানুষকে গড়ে দৈনিক ২৫০ মিলিলিটার দুধ পান করতে হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দশকে দেশের দুধের উৎপাদন বেড়েছে চার গুণের বেশি। প্রতিষ্ঠানটির হিসাব বলছে, দেশে বার্ষিক দুধের চাহিদা ১৫২ লাখ মেট্রিক টনের বেশি। উৎপাদন হয় ১০৬ লাখ মেট্রিক টনের বেশি পরিমাণ দুধ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) মো. জহির উদ্দিন মিঞা বলেন, দেশে মাথাপিছু প্রাপ্য দুধের পরিমাণ ১৭৫ মিলিলিটারের বেশি।
অধিদপ্তরের এই হিসাবের নিরিখেও ২৫০ মিলিলিটার দুধ খাওয়ার মানদণ্ডের সঙ্গে ঘাটতি থেকে যাচ্ছে ৭৫ মিলিলিটার। সরকারের এ দপ্তরের হিসাবের সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবের গরমিল যথেষ্ট। বিবিএসের ২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী, মাথাপিছু দৈনিক দুধ ও দুগ্ধজাত পণ্য গ্রহণের পরিমাণ ২৭ গ্রামের কিছু বেশি।
বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল নিউট্রিশন বিভাগের একাধিক শিক্ষকের জোট ইন্টিগ্রেটেড ডেইরি রিসার্চ নেটওয়ার্ক (আইডিআরএন)। এটি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প। এই জোট জার্মানিভিত্তিক আইএফসিএন-ডেইরি রিসার্চ নেটওয়ার্কের সঙ্গে কাজ করে। দুই প্রতিষ্ঠানের কাজ দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম, বৈশ্বিক বাজার, ভোক্তা, উৎপাদন নিয়ে গবেষণা করা।
অ্যানিমেল নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান ও আইডিআরএনের পরিচালক মোহাম্মদ মহি উদ্দিন দুধপান পরিস্থিতি নিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা গবেষণায় দেখেছি, দেশের মাথাপিছু দুধপান ৫০ থেকে ৬০ মিলিলিটারের বেশি নয়।’
বাংলাদেশে মাথাপিছু দুধপানের হার যেমন কম, তেমনি উৎপাদনও কম। মাথাপিছু দুধপানের হার কম হওয়ার কারণ হিসেবে দুগ্ধ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ খাতে কম উৎপাদনকে কারণ হিসেবে তুলে ধরেন।
আইডিআরএন ও আইএফসিএন-ডেইরি রিসার্চ নেটওয়ার্কের তথ্য অনুসারে, বৈশ্বিকভাবে খামারপ্রতি দুধের উৎপাদন সাত টন। বাংলাদেশে এ হার দুই টন। বাংলাদেশে, অর্থাৎ এখানে ৭১ শতাংশ ঘাটতি রয়েছে। আর বাংলাদেশে গাভিপ্রতি বার্ষিক দুধ উৎপাদিত হয় ১ দশমিক ১ টন। আর বিশ্বে এ উৎপাদন ২ দশমিক ৩ টন। বিশ্বে দুধ ও দুগ্ধজাত পণ্যের বার্ষিক ব্যবহার ১১৬ কেজি ৫০০ গ্রাম। সেখানে বাংলাদেশে এ হার ৪৯ কেজি।
বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মো. এমরান বলেন, গোখাদ্যে বিপুল ব্যয়ের কারণেই উৎপাদন খরচ অনেক বেশি হয়। দেশে প্রতি কেজি গমের দাম ২২ থেকে ২৬ টাকার বেশি হয় না। কিন্তু এই গমের উপজাত ভুসির দাম কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা। গোখাদ্যের আমদানি হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে। এর দাম তাই এত বেশি।
বাংলাদেশে গোখাদ্যের দাম বৈশ্বিক মানদণ্ডের নিরিখে ৭০% বেশি, আইডিআরএনের উপাত্ত এমনই।
দেশের দুধের প্রায় ৬৫ শতাংশের সরবরাহকারী খামারিরা। তাঁরা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন। আবার তাঁদের কাছ থেকে দুধ নিয়ে সরবরাহ করে দুধ ও দুগ্ধজাত পণ্য বিপণনকারী কয়েকটি প্রতিষ্ঠান। এরা মোট চাহিদার ৫ শতাংশের মতো মেটাতে পারে। বাজারের হিসাবে এখানে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্ক ভিটা)। এ ছাড়া প্রাণ ডেইরি, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজও সামনের সারিতে আছে।
মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক বলেন, প্রতিদিন ১ লাখ ৫০ হাজার লিটার দুধ সংগ্রহ করে মিল্ক ভিটা। ফ্যাটের ওপর নির্ভর করে খামারিদের কাছে থেকে প্রতি লিটার ৩৯ টাকা ৫০ পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৫ টাকায় মিল্ক ভিটা দুধ নেয়। মিল্ক ভিটার প্যাকেটজাত পাস্তুরিত দুধের দাম প্রতি লিটার ৭৫ টাকা।
দুগ্ধ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকের কথা, দুধ ও দুগ্ধজাত পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছে থেকে যে দরে কেনে, তার চেয়ে ভোক্তার কাছে অনেক বেশি দামে বিক্রি করে।
শাহ মো. এমরান বলেন, এখানে খামারির ক্ষতি যেমন হয়, তেমনি ক্ষতি হয় ভোক্তা পর্যায়েও। দুই জায়গায় লাভ গোনে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো।