ধাপে ধাপে মুনাফার হার কমানো উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম রায়হান

হঠাৎ মুনাফার হার কমানোর কারণে সঞ্চয়পত্রের ওপর নির্ভরশীল মানুষ ধাক্কা খাবেন। তাঁদের আয় কমে যাবে। তাই সময় নিয়ে এটি করলে ভালো হতো। তাতে বিনিয়োগকারীরা কিছুটা হলেও আর্থিক ক্ষতি সমন্বয় করার সুযোগ পেতেন।

সাধারণ নিয়মে আর্থিক খাতে বিদ্যমান বিভিন্ন সঞ্চয় ও বিনিয়োগ মাধ্যমের সুদহারের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। অন্যথায় বিনিয়োগের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি হয়। তবে আগেই বলেছি, এটি সাধারণ সূত্র। বেশ কয়েক বছর ধরে আমরা বিনিয়োগে বড় ধরনের সমস্যা দেখছি। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের বিনিয়োগের বিশেষ ক্ষেত্র নেই। শেয়ারবাজারের কথা যদি বলি—সেখানে নানা ধরনের ঝুঁকি আছে। অনেকেই শেয়ারবাজারে বিনিয়োগ করতে স্বস্তিবোধ করেন না। ফলে পেনশনভোগী থেকে শুরু করে নিম্ন ও মধ্যম আয়ের অনেক মানুষের আর্থিক সুরক্ষা দিয়েছে সঞ্চয়পত্র।

আমি মনে করি, সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে বিভিন্ন মাধ্যমের সুদহারে সামঞ্জস্য আনার সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়ন করা দরকার। আগে থেকে ঘোষণা দিয়ে ছয় মাস থেকে এক বছর সময় নিয়ে এটি করা প্রয়োজন। হুট করে ঘোষণা দেওয়ার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন।

সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্বিন্যাস যা করা হয়েছে, তা নিয়ে দ্বিমত নেই। এটি অর্থনীতিবিদদের দীর্ঘদিনের দাবি ছিল। সরকার দীর্ঘদিনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি করেছে। তবে সাধারণ বিনিয়োগকারীরা এ বিষয়ে কিছুই জানতেন না। তাঁদের আগেভাগে জানানো দরকার ছিল।

সরকার হয়তো সঞ্চয়পত্রের মুনাফার হার কমাতে বাধ্য হয়েছে। কারণ, প্রতিবছরই সঞ্চয়পত্রের বিপরীতে সুদ পরিশোধ করতে গিয়ে বোঝা বাড়ছে। তবে বিনিয়োগের নতুন ক্ষেত্র সৃষ্টি না হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেনই। এই জায়গায় তাই নজর দেওয়া প্রয়োজন। বিনিয়োগের অন্যান্য মাধ্যম শক্তিশালী করার পাশাপাশি আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে।