জাতীয় বাজেট ২০২–২২
নছিমন ও লেগুনার বিকল্প হচ্ছে না মাইক্রোবাস
মাইক্রোবাসের দাম ২০–৩০ লাখ টাকা। বাজেটে কেবল ৭ থেকে ৯ আসনের মাইক্রোবাসের সম্পূরক শুল্ক কমানো হয়েছে
নছিমন–লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহনের ব্যবহার নিরুৎসাহিত করে বিকল্প গণপরিবহন হিসেবে মাইক্রোবাসকে জনপ্রিয় করতে ব্যবসায়ীরা কয়েক বছর ধরে যে দাবি জানিয়ে আসছেন, সেটির সঙ্গে একমত হয়েছেন অর্থমন্ত্রী। আগামী ২০২১–২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনি মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্ক কমিয়েছেন। তারপরও মাইক্রোবাস নছিমন-লেগুনার বিকল্প হবে কি না, তা নিয়ে সংশয় আছে।
গাড়ি ব্যবসায়ীরা বলছেন, দেশে মাইক্রোবাসের দাম ২০–৩০ লাখ টাকা। বাজেটে কেবলমাত্র ৭-৯ আসনের মাইক্রোবাসের সম্পূরক শুল্ক কমানো হয়েছে। কিন্তু দেশে বেশি জনপ্রিয় হচ্ছে ১২-১৫ আসনের মাইক্রোবাস। সেখানে সম্পূরক শুল্ক হ্রাস করা হয়নি। ফলে বাজেটে যে মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমানো হয়েছে, তাতে আদৌ নছিমন-লেগুনার বিকল্প হওয়ার কোনো সম্ভাবনা নেই।
বাজেটে ১৮০০ সিলিন্ডার ক্যাপাসিটি (সিসি) পর্যন্ত হাইব্রিড মাইক্রোবাস আমদানির ওপর আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ১৮০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত হাইব্রিড মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ৪৫ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ২০০১ বা তার বেশি সিসির হাইব্রিড মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ৬০ থেকে ৪৫ শতাংশে নামানো হয়েছে। অন্যদিকে হাইব্রিড ও ইলেকট্রিক ব্যাটারি চালিত নয়, এমন ১৮০০ সিসি পর্যন্ত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ৪৫ থেকে ২০ শতাংশ এবং ১৮০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত মাইক্রোবাসে সম্পূরক শুল্ক ৬০ থেকে ৪৫ শতাংশ করা হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন বলেন, ‘প্রতিষ্ঠানের কর্মীদের যাতায়াত ও গণপরিবহনের জন্য ১২ থেকে ১৫ আসনের হাইয়েস মাইক্রোবাস জনপ্রিয়। তবে বিনিয়োগবান্ধব এই মাইক্রোবাসে সম্পূরক শুল্ক হ্রাস না করায় আমরা বিস্মিত ও হতাশ হয়েছি।’ তিনি বলেন, মধ্যবিত্তরা বেশি ব্যবহার করেন ১৫০০ থেকে ১৮০০ সিসির হাইব্রিড কার ও জিপ। গ্রাহকবান্ধব এই শ্রেণির গাড়ির সম্পূরক শুল্ক হ্রাস করা প্রয়োজন।
দেশে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে বাজেটে এটির ওপর থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছিল বারভিডা। এ ছাড়া আমদানি হওয়া নতুন ও পুরান গাড়ির ব্যবসার মধ্যে ভারসাম্য আনতে ইয়োলবুকে উল্লেখিত গড় মূল্য থেকে ডিলার কমিশন বাবদ ২০ শতাংশ বাদ দেওয়ার প্রস্তাব করেছিল তারা। পুরান গাড়ির মূল্যের ওপর অবচয়ের হারেও পরিবর্তন আনার দাবি ছিল সংগঠনটির। এ বিষয়ে তাদের যুক্তি, বর্তমানে যে হারে অবচয় প্রদান করে শুল্কমূল্য নির্ধারণ করা হচ্ছে, সেটি ন্যায়সংগত নয়।
মাইক্রোবাসের সম্পূরক শুল্ক হ্রাস ছাড়া কোনো দাবিই বাস্তবায়িত হয়নি বারভিডার। এ বিষয়ে বারভিডার সভাপতি আবদুল হক প্রথম আলোকে বলেন, ‘দেশে যে মাইক্রোবাস ২০ লাখ টাকায় পাওয়া যায়, জাপানে সেটির দাম ৫ লাখ ১০ হাজার থেকে ৫ লাখ ৯৫ হাজার টাকা (৬ হাজার থেকে ৭ হাজার ডলার)। কিন্তু আমদানি শুল্ক, ভ্যাট, সম্পূরক শুল্ক, অগ্রিম আয়কর ও অত্যধিক নিবন্ধন ব্যয়ের কারণে আমাদের দেশে গাড়ির দাম বেশি। তারপরও সম্পূরক শুল্ক কমানোর মধ্য দিয়ে শুভ সূচনা শুরু হয়েছে বলে আমরা মনে করি। এটাকে স্বাগত জানাই।’