নতুন বরাদ্দ নেই কৃষকদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি।

করোনাভাইরাসের কারণে কৃষকদের জন্য ৪ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের ঋণ বিতরণ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে চলতি ২০২১-২২ অর্থবছরে কৃষকদের জন্য নতুন করে কোনো বরাদ্দ রাখা হয়নি। যদিও শিল্প ও সেবা এবং ক্ষুদ্র-মাঝারিদের জন্য কম সুদে ৫৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বাংলাদেশ ব্যাংক।

কৃষকদের জন্য কোনো বরাদ্দ না রেখেই চলতি অর্থবছরে কৃষি খাতে ২৮ হাজার ৩৯১ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এই ঋণের সুদহার হবে ৮ শতাংশ। এমন লক্ষ্য ঠিক করেই চলতি অর্থবছরের কৃষি ও পল্লি ঋণ নীতিমালা এবং কর্মসূচি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই নীতিমালা ও কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় এবং সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতির সঙ্গে সংগতি রেখে নতুন কৃষিঋণ নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।

নতুন ঋণ নীতিমালা এবং কর্মসূচিতে পল্লি অঞ্চলে পর্যাপ্ত কৃষিঋণের প্রবাহ বাড়ানোর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে, যাতে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হয়।

বাংলাদেশ ব্যাংক চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ২৮ হাজার ৩৯১ কোটি টাকার ঋণ বিতরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা সদ্যবিদায়ী ২০২০-২১ অর্থবছরের তুলনায় ৭ দশমিক ৯৮ শতাংশ বেশি। বিদায়ী বছরে লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ২৯২ কোটি টাকা। চলতি অর্থবছরে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো ১১ হাজার ৪৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো ১৭ হাজার ৩৪৬ কোটি টাকা বিতরণ করবে।

বিদায়ী অর্থবছরে ব্যাংকগুলো ২৫ হাজার ৫১১ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ। এই ঋণ পেয়েছেন ৩০ লাখ ৫৫ হাজার ১৬৬ জন কৃষক। এর মধ্যে ব্যাংকগুলো নিজেরা যেমন সরাসরি ঋণ বিতরণ করেছে, তেমনি এনজিওর মাধ্যমেও দিয়েছে। এর মধ্যে ১৬ লাখ ৫ হাজার ৯৪৭ জন নারী প্রায় ৯ হাজার ২৮৮ কোটি টাকা ঋণ নিয়েছেন। ২২ লাখ ৪৫ হাজার ৫১২ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১৭ হাজার ৬৪০ কোটি টাকা এবং চর, হাওর প্রভৃতি অনগ্রসর এলাকার ৭ হাজার ৭৯৬ জন কৃষক প্রায় ৩৪ কোটি টাকা কৃষিঋণ পেয়েছেন।