নিউমার্কেটে নেই ক্রেতার ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউমার্কেটে নেই ক্রেতার ভিড়
ছবি: প্রথম আলো

চলমান করোনা পরিস্থিততে দেওয়া কঠোর লকডাউন শিথিল হওয়ায় আজ বুধবার থেকে খুলেছে দেশের সব দোকান, মার্কেট ও বিপণিবিতান। ১৯ দিন পর দোকানপাট খুললেও সকালে রাজধানীর নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায় ক্রেতা উপস্থিতি বেশ কম। যাঁরা আসছেন, তাঁদের বেশির ভাগই খুব প্রয়োজনীয় কিছু কিনতে এসেছেন। কাজ শেষ করেই বের হয়ে যাচ্ছেন। পরে দুপুর থেকে ক্রেতার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।

ধানমন্ডি থেকে ঢাকার চন্দ্রিমা সুপার মার্কেটে খুন্তি ও কড়াই কিনতে এসেছিলেন আফসানা বেগম। আফসানা বলেন, ‘ঈদের মধ্যে আমার খুন্তিটা ভেঙে যায়, সেটা কিনতেই আসা। সকাল সকাল বের হয়েছি, যাতে ভিড় না পাই। ভিড় বাড়ার আগেই দ্রুত চলে যেতে চাই।’

আফসানা যে দোকান থেকে খুন্তি কিনলেন, সেটির দোকানি আকবর আলী বলেন, ‘সকাল ১০টায় দোকান খুলেছি, দুপুর ১২টায় প্রথম বউনি করলাম। এমন মার্কেট আগে কখনো দেখিনি।’

চন্দ্রিমা সুপার মার্কেটের মতো নিউমার্কেট এলাকার সব কটি মার্কেট ও দোকানেই ছিল একই পরিস্থিতি। ১৯ দিন পর খুললেও আজ সকালে রাজধানীর জমজমাট এই বাজার এলাকায় নেই একদমই ভিড়। এমনকি পথেও নেই স্বাভাবিক জ্যাম।

নিউমার্কেটের দুই নম্বর গেটের ভেতরের বারান্দায় ফুটপাতে বাচ্চাদের পোশাক নিয়ে বসেছিলেন হাসান। দুপুর সাড়ে ১২টা পর্যন্তও একটি পোশাকও বিক্রি করতে পারেননি তিনি। বললেন, ‘ঈদের মধ্যে যখন পাঁচ দিনের জন্য দোকান খুলেছিলাম, তখনো বিক্রি তুলনামূলক কম ছিল। ফলে, খুব যে ক্রেতা আসবে না তা ধারণা করতে পেরেছিলাম, তবে এ রকম অবস্থা হবে ভাবিনি।’

১৯ দিন পর দোকানপাট খুলেছেন ক্রেতারা
ছবি: প্রথম আলো

সে বারান্দার পেছনেই দোকানে ওড়না ও গজ কাপড়ের দোকান খুলে বসেছেন এনায়েতউল্লাহ। কেমন আয় হয় নিশ্চিত না হতে পেরে দোকানের সাহায্যকারীদের এখনো কাজে ডাকেননি। সকাল থেকে তাঁর দোকানে তিনজন ক্রেতা এসেছিলেন। দুজন পণ্য কিনেছেন, এতেই সন্তুষ্ট তিনি। দোকান না খুললে বসে বসে এক থেকে দেড় লাখ টাকা খরচ গুনতে হয়। এর চেয়ে অল্প বিক্রি হলেও খুশি তিনি।

মার্কেটে একমাত্র ভিড় দেখা যায় দরজির দোকানগুলোয় সেখানে আসা ক্রেতা রেহানা খানম বলেন, বাসায় পরার জামা সেলাই করাবেন। এ ছাড়া বছরজুড়ে কেনা শাড়ির ব্লাউজগুলো এই সুযোগে বানিয়ে রাখতে চান তিনি। যদিও ক্রেতাদের আগমনে খুব খুশি নন দরজি আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘তৈরি পোশাক বিক্রেতাদের তাও আশা থাকে যে বেশি ক্রেতা এলে বিক্রি ভালো হবে, কিন্তু আমাদের সক্ষমতার বেশি কাজ তো করতে পারি না। তাই বন্ধের সময়টাকে ক্ষতি হিসেবেই মেনে নিতে হচ্ছে।’

মার্কেট ও বিপণিবিতানের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি যে দেশের সব মার্কেট খোলা হয়েছে। অনেকেই জানিয়েছেন, বিভিন্ন সময় বৃষ্টির মধ্যে বন্ধ থাকায় তাদের পণ্যের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতির পরিমাণ হিসাব করছি।’

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত ২৮ জুন থেকে সীমিত আকারে বিধিনিষেধ শুরু হয়। সেদিন থেকেই সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ হয়ে যায়। পরে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়। ঈদের ব্যবসার জন্য আট দিনের জন্য কঠোর বিধিনিষেধ শিথিল করে সরকার। তাতে ঈদের আগে ছয় দিন বেচাবিক্রির সুযোগ পান ব্যবসায়ীরা। অনেকে ঈদের দিন ও তার পরদিনও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখেন। ২৩ জুলাই থেকে আবার ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। পরে সেটি ১০ আগস্ট, অর্থাৎ গতকাল পর্যন্ত বর্ধিত করা হয়।