করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে টেনে তুলতে যে ঋণ দেওয়ার নীতি নেওয়া হয়েছে, তাতে গবেষণার কোনো ভূমিকা ছিল না। এ কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। নতুন করে কোনো নীতি গ্রহণের আগে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের সমস্যা ও চ্যালেঞ্জকে বিবেচনায় নিতে হবে, এ গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে। এতে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা প্রকৃত সুবিধা পাবেন।
আজ রোববার এক কর্মশালায় এমন মতামত তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম। এ জন্য তিনি গবেষণার ফলের ওপর ভিত্তি করে নতুন নীতি প্রণয়নের ওপর জোর দেন।
সিপিডি ও উইমেন ইকোনমিক ইমপাওয়ারমেন্ট থ্রো স্টেনদেনিং মার্কেট সিস্টেম (ডব্লিউইইএসএমএস) রাজধানীর একটি হোটেলে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এ কর্মশালার বিষয় ছিল ক্ষুদ্র ও মাঝারি খাত এবং নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজে গবেষণা নীতির সংযোগ।
অনুষ্ঠানে উপস্থিত একজন নারী উদ্যোক্তা প্রণোদনা ঋণ পেতে নানা হয়রানির চিত্র তুলে ধরেন। আর আলোচকেরা জানান, নারীর জন্য ঋণের শর্ত আরও সহজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, সাংসদ কাজী নাবিল আহমেদ, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে। আলোচনা করেন সায়মা হক, এম আবু ইউসুফ, ই-ক্যাবের যুগ্ম সচিব নাসিমা আক্তারা, এমএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক লিজা ফাহমিদা প্রমুখ।
কর্মশালা সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদ খাতুন।