পাল্লা দিয়ে দাম বেড়ে চলেছে

ইউক্রেনে রুশ হামলার কারণে সামনের দিনগুলোতে দেশের বাজারে নির্মাণসামগ্রীর দাম আরও বাড়তে পারে বলে ব্যবসায়ীদের আশঙ্কা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুই আগেও ৬৪ হাজার টাকায় শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ১ টন রড কেনা যেত। কিন্তু বর্তমানে ১ টন রড কিনতে গেলে ৮৫ হাজার থেকে ৮৮ হাজার টাকা গুনতে হয়। গত দুই সপ্তাহেই প্রতি টন রডের দাম ৮ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে দুই বছরে রডের দাম বেড়েছে সাড়ে ৩৭ শতাংশ।

রডের পাশাপাশি ইট, পাথর, বালু, অ্যালুমিনিয়াম, পিভিসি পাইপ-ফিটিংস ইত্যাদির দামও বেড়েছে। ফলে অবকাঠামো নির্মাণের খরচ বাড়ছে। ইউক্রেনে রুশ হামলার কারণে স্ক্র্যাপ বা পুরোনো লোহার টুকরা ও প্লাস্টিকসামগ্রীর কাঁচামালের দাম নতুন করে বাড়ছে। ফলে সামনের দিনগুলোয় রড, পিভিসি পাইপ-ফিটিংসসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম আরও বাড়তে পারে বলে ব্যবসায়ীদের আশঙ্কা।

নির্মাণসামগ্রীর ওপর আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব একটি জরিপ করেছে। তাতে উঠে এসেছে, রড, ইট, বালু, স্যানিটারিসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে প্রতি বর্গফুটের নির্মাণ ব্যয় বেড়েছে ৩৫৫ থেকে ৪০০ টাকা। জমির মালিকের সঙ্গে ফ্ল্যাট ভাগাভাগির কারণে আবাসন প্রতিষ্ঠানগুলোর খরচ বেড়েছে প্রতি বর্গফুটে ৭১০-৮০০ টাকা। ইতিমধ্যে বাড়তি নির্মাণ ব্যয় সমন্বয় করাও শুরু করেছেন আবাসন খাতের ব্যবসায়ীরা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে প্রতি টন স্ক্র্যাপ বা পুরোনো লোহার টুকরার দাম ছিল ৫৭০ ডলার, যা গতকাল বিশ্ববাজারে বেড়ে ৭০০ ডলারে পৌঁছেছে। দেশের বাজারে গত ১৩ দিনে প্রতি টন রডের দাম ৮ হাজার টাকা বেড়ে ৮৫ থেকে ৮৮ হাজার টাকায় উঠেছে।

জানতে চাইলে বিএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তপন সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, রড তৈরির কাঁচামাল পুরোনো লোহার টুকরো আমদানিনির্ভর। চাহিদার তুলনায় বিশ্ববাজারে সরবরাহ কম থাকায় অনেক দিন ধরেই স্ক্র্যাপের দাম বাড়ছিল। সে কারণে রডের দর সমন্বয় করতে হয়েছে। তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এখন আবার বিশ্ববাজারে পুরোনো লোহার টুকরোর দাম অস্বাভাবিক বেড়েছে। আমরা গতকাল (বুধবার) ৭১৫ ডলারে ভালো মানের কাঁচামালের জন্য বুকিং দিয়েছি। এখন যে দরে বিশ্ববাজারে বেচাকেনা হচ্ছে, তা দিয়ে রড তৈরি করলে প্রতি টনে খরচ পড়বে ৯৫ হাজার টাকা।

এদিকে নতুন করে সিমেন্টের দাম না বাড়লেও বিষয়টি নিয়ে কোম্পানিগুলোর মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে। তারা বলছে, সিমেন্টের কাঁচামাল আমদানির ক্ষেত্রে জাহাজভাড়ার পাশাপাশি দেশেও জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে সিমেন্টের উৎপাদন খরচ অনেক বেড়েছে। এ অবস্থায় দাম সমন্বয় না করলে কোম্পানিগুলোকে লোকসান গুনতে হবে।

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি মো. আলমগীর কবির সম্প্রতি প্রথম আলোকে বলেন, জাহাজভাড়া বৃদ্ধি ও দেশে তীব্র প্রতিযোগিতার কারণে সিমেন্ট কোম্পানিগুলো বড় ধরনের লোকসান দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন এ অবস্থা চললে এ খাতে কেউ টিকে থাকতে পারবে না। তাই মূল্য সমন্বয় করার কোনো বিকল্প নেই।

ভবন নির্মাণে পিভিসি ও ইউপিভিসি পাইপ-ফিটিংস, দরজা, সিলিং ইত্যাদি পণ্য ব্যাপক হারে ব্যবহৃত হয়। সেসব পণ্যের দামও গত তিন-চার মাসে ৩০-৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। স্যানিটারি কাজে প্রতি বর্গফুটে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।

জানতে চাইলে ন্যাশনাল পলিমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াদ মাহমুদ বলেন, ‘পিভিসি ও ইউপিভিসি পাইপ-ফিটিংসের কাঁচামালের দাম গত বছরের শেষ দিকে বাড়তে শুরু করে। তখন জাহাজভাড়ার কারণে দাম বাড়লেও এখন যুদ্ধের কারণে বাড়ছে। গত বছর প্রতি টন কাঁচামাল ১ হাজার ডলারে কেনা গেলেও বর্তমানে সেটি বেড়ে হয়েছে ১ হাজার ৯০০ ডলার। তাই আমরাও ধাপে ধাপে পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছি।’

রিহ্যাবের তথ্যানুযায়ী, বর্তমানে প্রতিটি ইট ১০-১২ টাকা দরে বিক্রি হচ্ছে। এক বছরে ইটপ্রতি দাম বেড়েছে ২ টাকার মতো। অবশ্য মানভেদে ৮-৯ টাকায়ও ইট পাওয়া যাচ্ছে বলে জানান একাধিক ইটভাটার মালিক।

জানতে চাইলে ইটভাটা মালিক সমিতির সদস্য মো. আবদুল ইসলাম গত রাতে বলেন, ‘ইট পোড়ানোর জন্য প্রচুর পরিমাণে কয়লার প্রয়োজন হয়। গত বছর এক টন কয়লা ৭ হাজার টাকায় কেনা যেত, যা বেড়ে এখন ২৪-২৫ হাজার টাকা হয়ে গেছে। কয়লার কারণেই ইটের দাম বাড়াতে বাধ্য হয়েছি আমরা।’

সব মিলিয়ে রিহ্যাবের সহসভাপতি সোহেল রানা প্রথমআলোকে বলেন, ‘করোনার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছিল আবাসন খাত।কিন্তু নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আমাদের ভাবিয়ে তুলেছে।এক বছর আগে যে দামে ফ্ল্যাট বিক্রি করা হয়েছিল, সেই দামে নির্মাণকাজ করতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো।এভাবে চললে আবারও বড় ক্ষতির মুখে পড়বে আবাসন খাত।’