প্রণোদনার টাকা শেয়ারবাজারে গেছে কি না, যাচাই করে জবাব দেব—অর্থমন্ত্রী
প্রণোদনার টাকা শেয়ারবাজারে গেছে কি না, তা যাচাই করে জবাব দেবেন বলে জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের বরাতে গণমাধ্যমগুলোতে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে স্বল্প সুদে প্রণোদনা ঋণ নিয়ে উদ্যোক্তারা তার একটা অংশ শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন। এ কারণেই কি শেয়ারবাজারে সম্প্রতি বুদ্বুদ তৈরি হয়েছে? অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল এটি।
কোন খাতে কত টাকা ব্যয় করা যাবে, তা বলা আছে। সেটা বাদ দিয়ে অন্য খাতে ব্যয় করার সুযোগ নেই।আ হ ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী প্রথমে এর জবাব দেন এভাবে—প্রবাসী আয়ে (রেমিট্যান্স) যে প্রণোদনা দেওয়া হয়েছে, তার কিছু কিছু টাকা নিজেরা খরচ করেছেন, আবার কিছু শেয়ারবাজারেও গেছে।
সাংবাদিকেরা অর্থমন্ত্রীকে তখন আবার ধরিয়ে দেন যে ওই প্রণোদনার ব্যাপারে প্রশ্ন করা হয়নি, প্রশ্ন করা হয়েছে বরং শিল্প খাতে স্বল্প সুদে যে প্রণোদনা ঋণের ব্যবস্থা করা হয়েছে, সেটা নিয়ে।
অর্থমন্ত্রী তখন বলেন, ‘আমি দুঃখিত। এ খবর আমি পাইনি। প্রণোদনার টাকা শেয়ারবাজারে গেছে কি না, এটা আমি যাচাই (ভ্যারিফাই) করে জবাব দেব। পরের বৈঠকেই জবাব দেব।’
মুস্তফা কামাল বলেন, কোন খাতে কত টাকা ব্যয় করা যাবে, তা বলা আছে। সেটা বাদ দিয়ে অন্য খাতে ব্যয় করার সুযোগ নেই।
বাংলাদেশ ব্যাংক ২৫ জুলাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দেওয়া চিঠিতে বলেছে, সরকার ও বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনার ঋণ যথাযথ খাতে ব্যবহার না হয়ে কিছু অনুৎপাদনশীল খাতে ব্যবহৃত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এ ঋণ দিয়ে ঋণগ্রহীতা অন্য ঋণের দায় সমন্বয় করছেন।
করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সহায়তা করতে গত বছর সাড়ে ৪ শতাংশ সুদে প্রায় ৩০ হাজার কোটি টাকা ঋণ দেয় ব্যাংকগুলো। আর ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীদের ৪ শতাংশ সুদে দেওয়া হয় প্রায় ১৫ হাজার কোটি টাকা। ঋণের সুদহার ছিল ৯ শতাংশ। সুদের বাকি অংশ জনগণের করের টাকায় ভর্তুকি দেয় সরকার।
প্রজ্ঞাপনের সূত্র ধরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে উঠে আসে, কেউ কেউ কম সুদের ঋণ নিয়ে অন্য ব্যাংকের ঋণ শোধ করেছেন। আবার কেউ কেউ কম সুদের ঋণের টাকা বেশি মুনাফা করতে শেয়ারবাজারে খাটিয়েছেন। কেউ কেউ কিনেছেন জমি-ফ্ল্যাট। অথচ এসব ঋণ দেওয়া হয়েছিল চলতি মূলধন হিসেবে, যা দিয়ে কারখানাগুলোর দৈনন্দিন খরচ মেটানোর কথা। প্রণোদনার ঋণ বিতরণের আগে বাংলাদেশ ব্যাংকও নির্দেশনা দিয়েছিল, এ ঋণ দিয়ে অন্য ঋণ শোধ করা যাবে না। ঋণের যথাযথ ব্যবহার করতে হবে।
ব্যাংক সূত্রে জানা গেছে, সুযোগ কাজে লাগিয়ে প্রভাবশালী ও বড় ব্যবসায়ীরাই বেশির ভাগ ঋণ নেন। যেমন আবুল খায়ের, এস আলম, বিএসআরএম, বসুন্ধরা, প্রাণ, সিটি, কেএসআরএম, এসিআই, জিপিএইচ, নাভানা, বেক্সিমকো, জাবের অ্যান্ড জুবায়ের, স্কয়ার ও থারমেক্স—এ রকম কিছু প্রতিষ্ঠানই ঋণ নেয় প্রায় ১০ হাজার কোটি টাকা।