কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজার থেকে প্রতিদিন স্থানীয়ভাবে উৎপাদিত সবজি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এটি জেলার অন্যতম বড় সবজি বাজার হিসেবে খ্যাত। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে এই বাজার।
উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা এই বাজারে সবজি নিয়ে আসেন। এখানে প্রতিদিন কোটি টাকার মতো সবজি বেচাকেনা হয় বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। কিশোরগঞ্জ ছাড়াও পাশের নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট জেলাসহ বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এসব সবজি সংগ্রহ করেন। এ ছাড়া ঢাকার কিছু ব্যবসায়ী ও পাইকারেরা সবজি কেনেন তারাকান্দি বাজার থেকে। প্রতিদিন সকাল ছয়টা থেকে বাজার পুরোদমে শুরু হয়—চলে তিন থেকে চার ঘণ্টা।
সম্প্রতি সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, বাজারের পূর্ব পাশে মসজিদের কাছে বটগাছ ঘিরে বসে বিশাল সবজির হাট। সকাল থেকেই মুখর এ বাজারে টমেটো, কপি, বেগুন, লাউ, করলা, শিমসহ সব ধরনের সবজি পাওয়া যায়। সব ধরনের সবজি মোটামুটি যৌক্তিক দামে পাওয়া যায় এখানে। সারা বছরই এই উপজেলায় বিভিন্ন ধরনের সবজির চাষ হয়।
দেখা যায়, বিক্রীত সবজি বস্তাভর্তি করে ওঠানো হচ্ছে অটোরিকশা, টমটম, পিকআপ আর ট্রাকে। দূরদূরান্তের পাইকারেরা অটোরিকশা, পিকআপ, ট্রাক নিয়ে এসেছেন সবজি কেনার জন্য। সবজি ব্যবসায়ীরা জানান, জেলার মধ্যে পাকুন্দিয়া সবজির জন্য বিখ্যাত এলাকা। শীত এলে বাজারে সবজির সরবরাহ বাড়ে। তবে সবজি সংরক্ষণাগার তৈরি ও বাজারজাত সহজতর করতে সরকারি উদ্যোগ নেওয়া হলে এখানকার সবজি ব্যবসায়ী ও কৃষকেরা আরও উপকৃত হবেন বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা।
স্থানীয় সবজিচাষি নজরুল ইসলাম বলেন, বাজারে জায়গার সংকুলান না হওয়ায় ক্রেতা-বিক্রেতাদের অনেক কষ্ট হয়। যুগ যুগ ধরে চলে আসা প্রসিদ্ধ এ বাজারের ঐতিহ্য ধরে রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি দাবি জানান তিনি।
এখানকার চাষিরা জানালেন, ২৫–৩০ বছর আগে এখানে সবজি তেমন একটা হতো না। তখন সাধারণত এ অঞ্চলে ধান, পাট ও আখের চাষ করা হতো। এখন হয়েছে এর উল্টো ঘটনা। কৃষি বিভাগের কর্মকর্তা–কৃষিকর্মীদের পরামর্শ ও সহায়তায় তারা সবজি চাষের প্রতি আকৃষ্ট ও উদ্বুদ্ধ হয়েছেন। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও এখানকার চাষিদের নিরলস চেষ্টায় চাষাবাদে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন তাঁদের জীবনমানেও বেশ পরিবর্তন এনে দিয়েছে। যাঁদের একসময় শণের ঘর ছিল, এখন তাঁদের টিনের ঘর হয়েছে। এই সবজি চাষ করে অনেকেই আধা পাকা ঘর তুলেছেন। তাঁদের ছেলেমেয়েরা এখন বিদ্যালয়ে যাচ্ছে।
আবুল কালাম নামে স্থানীয় এক সবজিচাষি বলেন, শত বছরের পুরোনো এ তারাকান্দি সবজির বাজারে প্রতিদিন কোটি টাকার সবজি বেচাকেনা হয়ে থাকে। বাজার ব্যবস্থাপনা ভালো হলে আরও বেশি ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটবে। পাশাপাশি উৎপাদিত সবজি সংরক্ষণ করতে সরকারি উদ্যোগে প্রযুক্তির ব্যবহার করা হলে এখানকার কৃষকেরা উপকৃত হতেন।
গত প্রায় দেড় যুগে এখানকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে। এতে চাষিরা সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কারণ, রাস্তাঘাটের উন্নয়নের ফলে তাঁদের উৎপাদিত সবজি বিভিন্ন স্থানে সহজেই পরিবহন করা যাচ্ছে। গাজীপুর ও রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছেন। এ ছাড়া এলাকার চাষিদের ঋণসহায়তায় বিভিন্ন ব্যাংক এগিয়ে আসায় তাঁরা সময়মতো ও নির্বিঘ্নে চাষাবাদ করতে পারছেন। তবে ঋণপ্রাপ্তি সহজ করা গেলে কৃষকেরা আরও উপকৃত হতেন বলে মত দেন তাঁরা। আর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে এখানকার সবজি বিদেশেও রপ্তানি করা সম্ভব।
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, পাকুন্দিয়ার মাটি কৃষির জন্য খুবই উপযোগী। জেলার মধ্যে এ অঞ্চল সবজির জন্য বিখ্যাত। কৃষি বিভাগ থেকে সব সময় কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করা হয়। সবজি সংরক্ষণ ও বাজারজাত প্রক্রিয়া সহজতর করতে সরকারি উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এখানকার কৃষি ও কৃষকের আরও উন্নয়ন হবে।