ফাঁকির সাড়ে চার কোটি টাকা ভ্যাট জমা দিল লুবনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত বিক্রি পর্যায়ে ভ্যাট, বাড়িভাড়াসহ ফাঁকি দেওয়া ৪ কোটি ৬০ হাজার টাকা ভ্যাট পরিশোধ করেছে দেশীয় পোশাকের ব্র্যান্ড লুবনান। গতকাল মঙ্গলবার লুবনান সরকারি কোষাগারে বাকি পড়া অর্থ জমা দিয়ে ট্রেজারি চালানের কপি সংযুক্ত করে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরকে অবহিত করেছে। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর গত সপ্তাহে লুবনানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা করে। মামলার শুনানি পর্যায়ে দোষ স্বীকার করে ভ্যাট আইন পরিপালনের অঙ্গীকার করে স্বপ্রণোদিত হয়ে ৪ কোটি ৬০ লাখ ৯ হাজার ৪৪২ টাকা পরিশোধ করে লুবনান। এ অর্থের মধ্যে ৩ কোটি ৪৯ লাখ টাকা অপরিশোধিত ভ্যাট। বাকি টাকা সুদ হিসেবে দিয়েছে লুবনান।

জানতে চাইলে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, মামলার শুনানিতে লুবনানের ভ্যাট–সংক্রান্ত সব তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়। সেখানে লুবনান কর্তৃপক্ষ জানায়, অনিচ্ছাকৃত ভুলে তারা সময়মতো ভ্যাট পরিশোধ করেনি। ভ্যাট আইন অনুযায়ী, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কারণে ভ্যাট বাকি পড়লে বকেয়া অর্থের ওপর সুদ আরোপ করা হয়। সেই নিয়মে লুবনানকে বকেয়া ভ্যাটের ওপর জরিমানা করা হয়।

মইনুল খান আরও বলেন, লুবনান অর্থ পরিশোধ করায় ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর তাদের প্রতি নমনীয় থেকে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করবে।

যোগাযোগ করা হলে লুবনানের পরিচালক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে আমাদের ১১০টি শাখা আছে। করোনার সময় নানা কারণে সমন্বয় করা হয়নি। এতে ভ্যাট অপরিশোধিত থেকে গেছে। তবে সরকারের ভ্যাট আইনের প্রতি সম্মান দেখিয়ে আমরা ভ্যাট পরিশোধ করেছি।’

এর আগে একজন গ্রাহকের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি ভ্যাট গোয়েন্দাদের একটি দল প্রতিষ্ঠানটির কারখানা ও প্রধান কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত চার বছর বিক্রি পর্যায়ে ভ্যাট, বাড়িভাড়াসহ বিভিন্নভাবে সাড়ে চার কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণ পান ভ্যাট গোয়েন্দারা, যার পরিপ্রেক্ষিতে লুবনানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।