ফুটবলের শহর থেকে অর্থ চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার আজ সোমবার বসছে বিনিয়োগ সম্মেলনে
ছবি: সুজয় মহাজন

বিশ্বের প্রথম শিল্পবিপ্লবের শহর ম্যানচেস্টার বাংলাদেশিদের কাছে সুপরিচিত ফুটবলের কল্যাণে। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে ছড়িয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। তাই ম্যানচেস্টার শহরের নাম এলেই সঙ্গে সঙ্গে মনে আসে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও।

ইংলিশ ফুটবলের বহু পুরোনো ও দাপুটে এ ক্লাবের শহরে আজ সোমবার বসছে বিনিয়োগ সম্মেলনে। অর্থাৎ ফুটবলের জন্য খ্যাতি পাওয়া শহর থেকে বিনিয়োগ পেতে চায় বাংলাদেশ। ম্যানচেস্টারের স্থানীয় সময় সকাল ১০টা ও বাংলাদেশ সময় বিকেল ৪টায় এ সম্মেলন শুরু হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস মিলে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লন্ডনের সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকেরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিশেষ সুবিধা দেওয়া হবে। তিনি যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর সেই ঘোষণাকে কাজে লাগাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনাগুলো তুলে ধরা হবে। ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন সেন্টারে আজকের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে অংশ নিতে আয়োজকেরা গতকাল রোববার লন্ডন থেকে ম্যানচেস্টারে এসে পৌঁছান। সম্মেলনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলনের অন্যতম আয়োজক বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

সম্মেলনের এবারের আয়োজনে ম্যানচেস্টার শহরকে বেছে নেওয়ার কারণ হিসেবে আয়োজকেরা জানান, এ শহর যুক্তরাজ্যের অন্যতম শিল্প–বাণিজ্যনির্ভর শহর। ম্যানচেস্টার–সম্পর্কিত নানা তথ্য–উপাত্ত ঘেঁটে দেখা যায়, ২০০৬ সালের এক জরিপে এ শহর ব্যবসার জন্য যুক্তরাজ্যের অন্যতম পছন্দের শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশিদের কাছে ফুটবলের কারণে ম্যানচেস্টার শহরটি বেশি পরিচিত হলেও এ শহরের রয়েছে শিল্প–বাণিজ্যের গৌরবোজ্জ্বল ঐতিহ্য। বিশ্বের প্রথম শিল্প নগরী হিসেবেও স্বীকৃতি রয়েছে এ শহরটির। বস্ত্রকল ও সুতা তৈরির জন্য একসময় খ্যাতি ছিল এ শহরের। এ কারণে উনিশ শতকের শুরুতে এ শহরের নামও ছিল কটনোপোলিশ।

সেই পরিচয় ছাপিয়ে ম্যানচেস্টার শহর এখন ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ) শহরে পরিণত হয়েছে। এ শহরের প্রধান আকর্ষণও এখন এই ফুটবল ক্লাব এবং এটিকে ঘিরে গড়ে ওঠা নানা স্থাপনা ও জাদুঘর।
বিশ্বের শিল্পের প্রথম শহর হিসেবে স্বীকৃতি পাওয়া এ শহর ব্যবসায় যে পিছিয়ে নেই, তার প্রমাণ ম্যানইউ ক্লাবটিও। ২০১২ সালে বাণিজ্যের উদ্দেশ্যে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এটির শেয়ার কেনাবেচা হয় শেয়ারবাজারে।

এদিকে সম্মেলনের আয়োজকেরা জানান, ম্যানচেস্টার শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসায়ীর পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগকারীদের এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতেই এ আয়োজন, যাতে এখানকার বিনিয়োগকারীরা ভবিষ্যতে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনায় নেন।
যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টারের আগে বিএসইসি দুবাই, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে এ ধরনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছিল। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্যের দুই শহরে সম্মেলনের আয়োজন করা হয়েছে।