ফ্রিজ–টিভির দামও বাড়তি

দেশে টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশনার, ব্লেন্ডার, গ্রাইন্ডারসহ প্রায় সব ধরনের ইলেকট্রনিক পণ্যের দাম ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

কেরানীগঞ্জের বাসিন্দা মুজাহিদুল ইসলাম গত বছরের মার্চে জাপানি শার্প ব্র্যান্ডের ৩১৫ লিটারের একটি ফ্রিজ কিনেছিলেন ৫৯ হাজার ৯০০ টাকা দিয়ে। ওই ফ্রিজের দাম এখন ৬৫ হাজার ৯০০ টাকা করে। অর্থাৎ ১০ মাসে একটি ফ্রিজের দাম বেড়েছে প্রায় ছয় হাজার টাকা।

শুধু শার্প ব্র্যান্ডের ফ্রিজের ক্ষেত্রে নয়, প্রায় সব ব্র্যান্ডের ফ্রিজ–টিভিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্যের দাম বেড়েছে। গত এক সপ্তাহে রাজধানীতে ইলেকট্রনিক পণ্যের বিভিন্ন ব্র্যান্ডের বেশ কিছু বিক্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ারকন্ডিশনার, ব্লেন্ডার, গ্রাইন্ডারসহ প্রায় সব ধরনের পণ্যের দাম আগের তুলনায় বেড়েছে। গত বছরের এই সময়ের তুলনায় এসব পণ্যের দাম ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে বলে জানান বিক্রেতারা।

করোনার প্রভাব কিছুটা কমে আসার পর এই কিছু দিন আগে দাম বাড়ানো হয়েছে। পণ্যভেদে গড়ে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মতো দাম বেড়েছে।
আনিসুর রহমান, প্রধান বাণিজ্য কর্মকর্তা, ওয়ালটন

এই খাতের কোম্পানিগুলো বলছে, বৈশ্বিক বাজারে চিপসহ সব ধরনের কাঁচামালের দাম এবং পরিবহন ভাড়া বেড়েছে। এর জেরে দেশের বাজারেও দাম বেড়েছে। বিভিন্ন ব্র্যান্ডের কয়েকটি শোরুমের বেশ কয়েকজন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, মূলত গত বছরের বাজেটের পরে অর্থাৎ জুলাই মাস থেকেই ইলেকট্রনিকস পণ্যের দাম বাড়ছে। কোম্পানিগুলো একসঙ্গে দাম না বাড়িয়ে কয়েক দফায় দাম বাড়িয়েছে।

দেশি কোম্পানি ওয়ালটনের মিরপুরের পল্লবী এলাকার বিক্রয়কেন্দ্রে গিয়ে জানা যায়, তারা এখন ৩৪১ লিটারের ফ্রিজ বিক্রি করছে ৩৫ হাজার ৮০০ টাকায়। গত বছরের এই সময়ে এটির দাম ছিল ৩৩ হাজার টাকার কিছু বেশি। অর্থাৎ দেড় হাজার টাকার মতো দাম বেড়েছে এ ফ্রিজের।

একই ব্র্যান্ডের গ্রাইন্ডারের দাম এখন নেওয়া হচ্ছে ৪ হাজার ৬০০ টাকা, যা ছয় মাস আগেও ছিল প্রায় ১১০০ টাকা কম, অর্থাৎ ৩ হাজার ৫০০ টাকা।

প্রায় সব ধরনের ইলেট্রনিকস পণ্যের দাম বেড়েছে। কারণ, পণ্য তৈরির অন্যতম উপাদান চিপের দাম অনেক বেড়েছে। অন্যান্য কাঁচামালের দামও এখন ৫ থেকে ৮ শতাংশ বেশি।
জানে আলম, মহাব্যবস্থাপক, র‌্যাংগ্স ইলেকট্রনিকস

টেলিভিশনের দামও কোম্পানিভেদে গড়ে আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। সিঙ্গার ব্র্যান্ডের ৩২ ইঞ্চি টেলিভিশনের দাম আগে যেখানে ২৭ হাজার ২০০ টাকা

ছিল, সেখানে এখন তা বেড়ে হয়েছে ২৮ হাজার ৪০০ টাকা। দাম বাড়ার একই চিত্র দেখা গেছে অন্যান্য পণ্যের ক্ষেত্রেও।

জানতে চাইলে সিঙ্গার বাংলাদেশের বিপণন ও যোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক রাজিউর রহমান বলেন, ‘করোনা মহামারির কারণে কাঁচামালের মূল্য বৃদ্ধির পাশাপাশি পণ্য পরিবহন খরচও বেড়েছে। তাই সম্প্রতি কিছু পণ্যের দাম বাড়াতে হয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি দাম গ্রাহকের সাধ্যের মধ্যে রাখতে।’

দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তেমনই একজন মিরপুরের সাবরিনা আলম। তিনি ফ্রিজ কিনতে চান। পরিচিত কয়েকজনের কাছে মডেল ও দাম শুনে বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখেন দাম বেড়ে গেছে। এ নিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘করোনার সময় এমনিতে হাতে টাকাপয়সা একদম কম। তার ওপরে ছয়–সাত হাজার টাকা বেশি লাগলে তা আমাদের মতো মানুষের জন্য কষ্টের হয়ে যায়। এখন কোথা থেকে এই বাড়তি টাকা ধার করব সেটিই চিন্তা করছি।’ সাবরিনা আরও বলেন, ‘সবকিছুর দাম বেড়েছে। তাই এসব পণ্যেরও দাম বাড়বে, এটিই স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হয়েছে ইলেকট্রনিকস পণ্যের দাম অনেক বেশি বেড়েছে।’

এদিকে কয়েকটি কোম্পানির কর্মকর্তাদের দাবি, যতটুকু না বাড়ালেই নয় ততটুকুই দাম বাড়ানো হয়েছে। র‌্যাংগ্স ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক জানে আলম বলেন, প্রায় সব ধরনের ইলেট্রনিক পণ্যের দাম বেড়েছে। কারণ, পণ্য তৈরির অন্যতম উপাদান চিপের দাম অনেক বেড়েছে। বিভিন্ন কাঁচামালের দামও এখন ৫ থেকে ৮ শতাংশ বেশি। এ ছাড়া জাহাজসহ পরিবহন খরচ অস্বাভাবিক রকম বেড়ে গেছে।

একটি উদাহরণ দিয়ে জানে আলম বলেন, চীনের গুয়াংজু প্রদেশ থেকে ৪০ ফুট লম্বা এক কনটেইনার পণ্য আনতে আগে খরচ হতো ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ মার্কিন ডলার। কিন্তু সেই খরচ বেড়ে এখন হয়েছে আট হাজার ডলারের বেশি। তাই সব পণ্যের দাম ১২ থেকে ১৫ শতাংশ বাড়াতে হয়েছে।

জানতে চাইলে ওয়ালটনের প্রধান বাণিজ্য কর্মকর্তা আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা সব সময় গ্রাহকদের সাশ্রয়ী দামে পণ্য দেওয়ার চেষ্টা করি। কিন্তু করোনাকালে বৈশ্বিক বাজারে ফ্রিজ তৈরির কাঁচামালের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আমাদেরও দাম কিছু বাড়াতে হয়েছে। পণ্যভেদে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মতো দাম বেড়েছে।’