ফ্লাইট এক্সপার্টকে অধিগ্রহণ করল ই–ভ্যালি
অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টকে অধিগ্রহণ করেছে ই-কমার্স খাতের প্রতিষ্ঠান ই–ভ্যালি। এর ফলে এখন থেকে ই–ভ্যালির একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ফ্লাইট এক্সপার্ট ব্যবসা পরিচালনা করবে। তবে স্বাভাবিক ব্যবসা কার্যক্রম চালু রাখতে ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আনবে না ই–ভ্যালি।
বিশ্বের বিভিন্ন দেশের বিমান টিকিট ও হোটেল বুকিং ব্যবসা পরিচালনা করছে ফ্লাইট এক্সপার্ট। তাদের ঢাকা ও চট্টগ্রামের অফিসে অর্ধশতাধিক কর্মী রয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাঁচ শতাধিক বিমান সংস্থা ও সাড়ে ৯ লাখ হোটেল-রিসোর্টের সঙ্গে যুক্ত আছে প্রতিষ্ঠানটি।
তবে ঠিক কত টাকায় ফ্লাইট এক্সপার্ট প্রতিষ্ঠানটি কেনা হয়েছে, তা প্রকাশ করেনি ই–ভ্যালি কর্তৃপক্ষ। যদিও এক বিজ্ঞপ্তিতে বলেছে, তৃতীয় পক্ষের নিরূপণে ফ্লাইট এক্সপার্টের অর্থমূল্য দাঁড়িয়েছিল ৫০ লাখ ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকার বেশি।
বিজ্ঞপ্তিতে ই–ভ্যালি জানিয়েছে, পুরোপুরি অধিগ্রহণ করা হলেও ফ্লাইট এক্সপার্ট স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া জনবল নিয়োগের মাধ্যমে এর ব্যাপ্তি আরও বাড়বে।
দেশে শুরু থেকেই যে কয়টি অনলাইন ট্রাভেলস এজেন্সি সেবা দেয়, তার মধ্যে ফ্লাইট এক্সপার্ট একটি। প্রতিষ্ঠানটি কার্যক্রমে আসে ২০১৬ সালে। এটি মক্কা গ্রুপের মক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। ট্রাভেল এজেন্ট (বিটুবি) ও ক্রেতা (বিটুসি) উভয় ধরনের ব্যবসা পরিচালনা করে ফ্লাইট এক্সপার্ট।
ই–ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল প্রথম আলোকে বলেন, ‘আমাদের ওয়েবসাইটে প্রতি মাসে এক কোটি গ্রাহক ভিজিট করছে। আমরা বড় একটা অনলাইন ক্রেতাগোষ্ঠী তৈরি করেছি। এসব গ্রাহককে আমরা অনলাইনে হোটেল বুকিং ও বিমান টিকিট কেনাকাটায় আগ্রহী করতে চাই। তবে ই–ভ্যালির মতো ফ্লাইট এক্সপার্টে এত অফার থাকবে না। ই–ভ্যালির ওয়েবসাইটের সঙ্গে ফ্লাইট এক্সপার্টের একটা সংযোগ থাকবে।’
মোহাম্মদ রাসেল আরও বলেন, ‘আমরা মূলত গ্রাহকদের অনলাইন কেনাকাটায় অভ্যস্ত করে তুলছি। সারা বিশ্বেই এই ধারা চলছে। আমরা কেন পিছিয়ে থাকব?’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ই–ভ্যালি ২০১৮ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার দুই বছরের মধ্যেই ৫০ লাখ গ্রাহক এবং ২০ হাজারের বেশি বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এই প্ল্যাটফর্মে যোগ দিয়েছে। এ ছাড়া অনলাইন ব্যবসা খাতে নতুন নতুন বিভিন্ন উদ্যোগ নিয়েছে ই–ভ্যালি। ই-ফুডের পর ই-জবস ও ই-হেলথ নিয়েও কাজ শুরু করেছে ই–ভ্যালি।
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব ই–ভ্যালিকে করোনাকালে অবদানের জন্য ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড প্রদান করেছে। এ ছাড়া ই-ক্যাবের কাছ থেকে দেশের সেরা ই-কমার্সের সম্মাননা পেয়েছে দেশীয় এই ই-কমার্স প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, ই-ভ্যালি এখন ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। কম দামে ইলেকট্রনিক ও ভোগ্যপণ্য বিক্রি করায় সারা দেশেই ই-ভ্যালির গ্রাহক তৈরি হয়েছে। যাঁরা কম দামের পণ্য পাচ্ছেন, তাঁরা এর সুফল পাচ্ছেন। অনলাইন কেনাকাটা থেকে এখন ধীরে ধীরে অন্যান্য অনলাইন সেবায় যুক্ত হচ্ছে ই-ভ্যালি।