বাংলাদেশ এশিয়ার দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে একটি। উন্নয়নের সিঁড়ি ধরে এখানকার শেয়ারবাজারে তৈরি হয়েছে অপার সম্ভাবনা। করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ঈর্ষণীয়। বহুজাতিক এইচএসবিসির গ্লোবাল গবেষণা বিভাগের আসিয়ান ও ফ্রন্টিয়ার মার্কেটস ইকুইটি স্ট্র্যাটেজিস্ট দেবেন্দ্র যোশি এক সভায় এসব কথা বলেন।
গতকাল বুধবার এইচএসবিসি বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ মার্কেট ইনসাইটস ২০২১: কনসাম্পাশন প্রপেলিং গ্রোথ’ শীর্ষক অনলাইন সভায় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রবৃদ্ধি অনেকটা ভিয়েতনামের মতো। সাড়ে ১৬ কোটি মানুষের দেশে করোনার আগে টানা চার বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশের বেশি। বর্ধিত আয় ও প্রযুক্তিগত উৎকর্ষের ফলে বাংলাদেশ এক শিল্পবিপ্লবের দোরগোড়ায় অবস্থান করছে। তা ছাড়া নগরায়ণ, একক পরিবার এবং নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের মাধ্যমে এখানে এক উচ্চপ্রবৃদ্ধির বাজার সম্ভাবনা তৈরি হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস। বক্তব্য দেন এফবিসিসিআইয় সভাপতি জসিম উদ্দিনসহ অন্যরা।
মুখ্য সচিব আহমেদ কায়কাউস বলেন, মানুষের উদ্যোক্তা মনোভাব, এখানকার ভৌগোলিক অবস্থান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার ফলে বাংলাদেশের অর্থনীতি প্রতিনিয়তই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার সরকারি-বেসরকারি অংশীদারত্বকে (পিপিপি) আরও উৎসাহিত করতে চায়। যাতে ভবিষ্যতে বাংলাদেশের সাফল্য ও প্রতিযোগিতামূলক অবস্থানকে বিশ্বের কাছে তুলে ধরা যায়। ২০৪১ সালের আগেই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে উন্নীত হবে।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নতি দেশের জনগণের উন্নয়নের ইচ্ছা বা আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি। চলমান ডিজিটালাইজেশন ও প্রযুক্তির ক্রমাগত উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি এবং যুব জনগোষ্ঠীর আধিক্য—সব মিলিয়ে বাংলাদেশের সামনে এক অপার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, এখানে ঐতিহাসিকভাবেই বেসরকারি খাত বিভিন্ন বিরূপ পরিস্থিতি সক্ষমতার সঙ্গে মোকাবিলা করে আসছে।
বক্তারা বলেন, কম সুদের বৈদেশিক ঋণ এবং রেকর্ড বৈদেশিক মুদ্রা রিজার্ভের সুবিধা নিয়ে বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। যেহেতু বাংলাদেশে পণ্যের উৎপাদন খরচ এশিয়ায় সর্বনিম্ন, সেহেতু তৈরি পোশাক ছাড়াও অন্যান্য খাতে বিনিয়োগের মাধ্যমে পণ্য বৈচিত্র্য আনতে হবে।