বাংলাদেশে বিনিয়োগ করবেন, বিজয়ী হবেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: বাসস

দেশি–বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকারের নীতিনির্ধারকেরা। ব্যবসায়ীরা বাংলাদেশে কেন বিনিয়োগ করবেন, তারও একটা ধারণা দিয়েছেন মন্ত্রীরা।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীরা জানান, এখানে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে বিনিয়োগকারীদের।

বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ সম্মেলনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন। কৃষি খাত শক্ত অবস্থানে রয়েছে। সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করেছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো। তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অর্জন অভাবনীয়। সারা দেশে রাস্তাঘাটের উন্নয়ন দৃশ্যমান। সারা দেশে সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে, ২৮টি হাইটেক পার্ক হচ্ছে। বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ বিরাজমান। তিনি বলেন, এখানে বিনিয়োগ করবেন, আপনি বিজয়ী হবেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, গত এক দশকে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। মাথাপিছু জাতীয় আয় ২ হাজার ২০০ ডলারের বেশি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হচ্ছে। করোনা মহামারির মধ্যে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি অর্জন হয়েছে ৫ শতাংশের ওপরে। এসব চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে যেখানে সংস্কার দরকার, সরকার সেসব জায়গায় সংস্কার করেছে। আগের চেয়ে দেশে বিনিয়োগ পরিবেশ অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে।
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান জানান, অর্থনীতির প্রাণ হলো বেসরকারি খাত। করোনার মধ্যেও বাংলাদেশে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ অর্জন সম্ভব হয়েছে বেসরকারি খাতের অবদানে।

রিজওয়ান রাহমান জানান, বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশসহ ৩৮ দেশের ৫০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।