‘বিজিএমইএ কেন সরকারের দিকে তাকিয়ে থাকবে’
প্রতিবছর সম্পদ কর নিয়ে আলোচনা হয়, কর জালের আওতা বাড়ানো নিয়ে আলোচনা হয়, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। ডিজিটালাইজেশন বা অন্যান্য সংস্কার বাস্তবে হচ্ছে না। ফলে সরকারের রাজস্ব সংগ্রহ বাড়ছে না।
বাংলাদেশের কর-জিডিপির অনুপাত ১০ শতাংশের নিচে, বিশ্বে যাদের কর-জিডিপির অনুপাত কম, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। আজ রোববার গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত ‘বাজেট ২০২১-২২: বাস্তবতা ও প্রত্যাশা’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, রাজস্ব আদায় কম হওয়ার কারণে সরকারের পক্ষে সবাইকে প্রণোদনার আওতায় আনা সম্ভব হচ্ছে না। তবে সবকিছু সরকারের একার পক্ষে সম্ভব নয়। ব্যবসায়িক সংগঠনগুলোর এ ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ কেন সরকারের দিকে তাকিয়ে থাকবে, তারা নিজেরাও শ্রমিকের কিছু দায়িত্ব নিতে পারে। তাদেরও দায়বদ্ধতা আছে।
ওয়েবিনারে সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, এখন প্রবৃদ্ধি নিয়ে বুঁদ হয়ে থাকার সময় নেই। প্রবৃদ্ধি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা জাদুর কাঠি নয়। এটা দিয়ে সব সমস্যার সমাধান হবে না। এবারের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক পুনরুদ্ধার।
কিন্তু দেখা যাচ্ছে, বড় বড় খাত ভালো করলেও এসএমই খাত অনেক পিছিয়ে আছে। আবার কোভিডের অভিঘাতে দেশে নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে। দারিদ্র্য, অসমতা, কর্মসংস্থান—এই তিনটিকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি নীতি প্রণয়নের আহ্বান জানান।
সেলিম রায়হানের মত, সরকার বাজেটেরে ৬–৭ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারে। দরিদ্র লোকদের যে নগদ সহায়তা দেওয়া হচ্ছে, তা সারা বছর দিলেও জিডিপির ২ শতাংশের বেশি খরচ হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, এই মানুষদের হাতে টাকা এলে অর্থনীতি গতিশীল হবে। সে জন্য অগ্রাধিকার ঠিক করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে উপস্থাপনা করেন সানেমের গবেষণা পরিচালক সায়েমা হক। তিনি বলেন, নতুন দরিদ্রদের যুক্ত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে হবে। এখন যে তালিকা আছে, তা–ও আবার ভুলে ভরা। তাই মনিটরিং বাড়াতে হবে।
তাঁর মত, নতুন দরিদ্রদের নিরাপত্তাজালে নিয়ে আসতে সরকারের প্রোগ্রেসিভ ট্যাক্স বা অনুক্রমিক কর চালু করতে হবে, যে ব্যাপারে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে।
অনুষ্ঠানে সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।