বিদেশি সংস্থার ভ্যাট পাওনা ৪৪ কোটি টাকা

৪৮টি দূতাবাস ও বিদেশি সংস্থাকে ভ্যাটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যাট

২০১৯ সালের ৫ নভেম্বর ইউনিলিভারের চারটি বিশুদ্ধ খাওয়ার পানির ফিল্টার ‘পিওরইট’ কেনে জাতিসংঘ সংস্থা ইউনিসেফের ঢাকা কার্যালয়। প্রতিটি ফিল্টারের দাম ২ হাজার ৮৪০ টাকা। মূল্য সংযোজন করসহ (মূসক বা ভ্যাট) মোট বিল পরিশোধ করা হয় ১২ হাজার ২১৫ টাকা। এর মধ্যে ভ্যাট ছিল ৮৫২ টাকা। ওই বছরের ১৯ নভেম্বর ভ্যাটের টাকা ফেরত চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে আবেদন করে ইউনিসেফ।

একই বছরের ২৫ জানুয়ারি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেনস ইমার্জেন্সি ফান্ড (ইউনিসেফ) দেশের ১১টি জেলায় নির্মাণকাজের পরামর্শক সেবার বিপরীতে ১০ লাখ ৯৫ হাজার ৯৩৭ টাকা বিল পরিশোধ করে। এই বিলের সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট বাবদ ১ লাখ ৪২ হাজার টাকা দেয় সংস্থাটি। ওই বছরের নভেম্বরে ইউনিসেফ ভ্যাটের টাকা ফেরত চেয়ে এনবিআরে আবেদন করে।

২০২১ সালের ৬ এপ্রিল থেকে ৮ জুন পর্যন্ত তিন মাসে জাপান দূতাবাস তাদের ব্যবহৃত গাড়িগুলোর জন্য প্রায় ১০ হাজার লিটার অকটেন ও ডিজেল কেনে। প্রতি লিটার অকটেনের বিপরীতে ১০ টাকা ৫৮ পয়সা ও ডিজেলের জন্য ৭ টাকা ৭৯ পয়সা করে ভ্যাট দেয় তারা। সব মিলিয়ে জাপান দূতাবাস ভ্যাট দেয় ৭৬ হাজার ১৫৭ টাকা। দূতাবাসটি এখন ভ্যাটের টাকা ফেরত চায়।

শুধু তা–ই নয়, বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন দূতাবাস ও জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর ভ্যাট বাবদ জমা দেওয়া প্রায় ৪৪ কোটি টাকা তিন-চার বছর ধরে আটকে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ইউএনএইচসিআর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউএনডিপি, আইসিডিডিআরবি, বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাপান দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি দূতাবাস, জাতিসংঘ ও এর সহযোগী সংস্থা এবং বিশেষায়িত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কেনা পণ্য ও সেবার বিপরীতে কেটে রাখা ভ্যাটের টাকা কূটনৈতিক সুবিধার অংশ হিসেবে ফেরত দিতে হয়। তবে ভ্যাটের টাকা ফেরত পেতে চাইলে পণ্য বা সেবা কেনার ছয় মাসের মধ্যে আবেদন করতে হয়। এরপর এনবিআরের শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর যাচাই-বাছাই করে ছয় মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা। অবশ্য কোনো কূটনীতিক বা কর্মকর্তা ব্যক্তিগত ভোগের বিপরীতে ভ্যাট দিলে তা ফেরত পান না।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিদেশিদের ভ্যাটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ ভালো ও ইতিবাচক। শুধু বিদেশিদের ক্ষেত্রে নয়; অন্য কেউ যদি কর ফেরত পাওয়ার যোগ্য হন, তা–ও ফেরত দেওয়া উচিত।’ তিনি আরও বলেন, এনবিআরের মতো প্রতিষ্ঠানের এমন দ্বৈত ভূমিকা থাকা উচিত নয়। কেন এত দিন বিদেশিদের ভ্যাটের টাকা আটকে থাকল, তা খতিয়ে দেখা উচিত। আন্তর্জাতিক রীতিনীতি না মানলে তা দেশের করব্যবস্থা সম্পর্কে ভুল বার্তা দেয়।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, নতুন ভ্যাট আইনে আমলাতান্ত্রিক জটিলতার সুযোগ রয়েছে। তাই বিদেশিদের ভ্যাটের টাকা ফেরত দেওয়া যায়নি। সে জন্য টাকা ফেরতের দাবিগুলো নিষ্পত্তি করতে গত জানুয়ারি মাসে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বেলাল হোসাইন চৌধুরীর নেতৃত্বে আটটি দল গঠন করা হয়। এসব দল গত দেড় মাসে ২৬ হাজার দাবির মধ্যে ২৫ হাজার ৫৫১টি নিষ্পত্তি করেছে। সে অনুযায়ী শিগগির বিদেশি সংস্থা ও দূতাবাসগুলোকে ৪৪ কোটি ৪ লাখ ৮১ হাজার টাকা চেকের মাধ্যমে ফেরত দেওয়া হবে।

জানতে চাইলে শুল্ক রেয়াত প্রত্যর্পণ পরিদপ্তরের ডিজি বেলাল হোসাইন চৌধুরী বলেন, ‘বিদেশি সংস্থাগুলোর ভ্যাটের টাকা দ্রুত ফেরত দেওয়ার সঙ্গে দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত। তাই ভ্যাটের টাকা ফেরত পেলে দেশের করব্যবস্থা সম্পর্কে বিদেশিদের ধারণা পাল্টে যাবে। ইতিমধ্যে বিদেশিদের কাছ থেকে ভ্যাটের টাকা ফেরতের দাবি আবেদন জমার সংখ্যা বাড়তে শুরু করছে। আমরা ভবিষ্যতে ১৫ মিনিটের মধ্যে এসব দাবি নিষ্পত্তি করার চেষ্টা করছি।’

বেলাল হোসাইন চৌধুরী জানান, পরিদপ্তরের যেসব কর্মী রাত–দিন পরিশ্রম করে মাত্র দেড় মাসে পুরোনো হাজার হাজার দাবি নিষ্পত্তি করেছেন, তাঁদের পুরস্কৃত করা হবে।

জানা গেছে, ২০১৯ সালে নতুন ভ্যাট আইন চালু হওয়ায় শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর ভ্যাটের টাকা ফেরত দিতে পারবে কি না, তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। কারণ, এটি কাস্টমস বিভাগের দপ্তর হিসেবে পরিচিত। ফলে ভ্যাট ফেরতের বিষয়টি আটকে যায়। এর ওপর সরকারি সংস্থা হিসেবে আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘসূত্রতা ও হয়রানির শঙ্কাও ছিল। যাহোক, অবশেষে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরকে বিদেশি সংস্থাগুলোর ভ্যাটের টাকা ফেরতের ক্ষমতা প্রদান করে এনবিআর।

কে কত টাকা পাবে

জানা গেছে, চার ডজন বিদেশি সংস্থা ও দূতাবাস কমবেশি ভ্যাটের টাকা ফেরত পাবে। শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের হিসাবমতে, সর্বোচ্চ ২০ কোটি ১৬ লাখ টাকা পাবে ইউনিসেফ। জাতিসংঘের আরেক সহযোগী সংস্থা ইউএনএইচসিআর দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি টাকা পাবে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ৮০ লাখ, ইউএনডিপি ৪০ লাখ, আইসিডিডিআরবি ২৬ লাখ ও বিশ্বব্যাংক গোষ্ঠীর সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ২৫ লাখ টাকা পাবে।