বিপণিবিতানে কতটি প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধন আছে, জানতে চায় এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ দিনের মধ্যে কোন কোন বিপণিবিতানে কতটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভ্যাটের নিবন্ধন আছে, তা জানাতে সব ভ্যাট কমিশনারেটকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার এনবিআর থেকে এ নির্দেশ দিয়ে সব কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের এক জরিপে উঠে এসেছে, রাজধানী ও আশপাশের নামকরা ১৭টি বিপণিবিতানের ৭৭ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই। এসব প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে ভ্যাট নিলেও সরকারি কোষাগারে জমা দেয় না।

ভ্যাট জরিপের এ তথ্য নিয়ে গত বুধবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনের বিষয় সম্পর্কে আগামী সাত দিনের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য সব ভ্যাট কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ থেকে ৩১ মে পর্যন্ত ভ্যাট গোয়েন্দারা রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৭টি বিপণিবিতানের ২ হাজার ১৩৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্যাট জরিপ চালায়। দেখা গেছে, মাত্র ৪৮২টি ব্যবসাপ্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন আছে। এর মানে ৭৭ শতাংশ প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই।