কারখানায় উৎপাদন ও রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে বেনাপোলের পাশাপাশি অন্যান্য স্থলবন্দর, বিশেষ করে ভোমরা ও সোনামসজিদ দিয়ে বন্ড সুবিধার আওতায় পোশাক ও বস্ত্র খাতের কাঁচামাল সুতা, তুলা, কাপড়সহ অন্যান্য সরঞ্জাম আমদানির সুযোগ চায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এই দাবি আদায়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান গত শনিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে চিঠি দিয়েছেন। চিঠিতে বেনাপোলসহ অন্যান্য স্থলবন্দর দিয়ে একটি ক্রয়াদেশের পণ্য কয়েক ধাপে আমদানির সুযোগও চেয়েছেন তিনি। তা ছাড়া স্থলবন্দরে পণ্যজট ঠেকাতে পণ্য সংরক্ষণে গুদামের সক্ষমতা ও প্রয়োজনীয় লোকবল বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রীকে লেখা চিঠিতে বিজিএমইএর সভাপতি বলেছেন, সুবিধাগুলো দিলে পণ্য আমদানি-রপ্তানিতে গতি আসবে। এতে সময় ও ব্যয় কমবে। স্থানীয় কারখানায় উৎপাদিত সুতার পাশাপাশি আমদানি সহজ হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। তাতে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বৈশ্বিক হিস্যা বর্তমান ৬ দশমিক ৮ শতাংশ থেকে দ্বিগুণের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে।
চিঠির শুরুতে ফারুক হাসান বলেন, বিশ্ববাজারে তুলার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তা সত্ত্বেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সুতার দামের পার্থক্যের কারণে পোশাকশিল্প তার সক্ষমতা ধরে রাখতে পারছে না। সেই সঙ্গে করোনার কারণে আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহনব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই বছরে প্রধান রপ্তানি গন্তব্যগুলোতে জাহাজ ভাড়া ১০০ থেকে ৩০০ শতাংশ বেড়েছে। এ ছাড়া মজুরি, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক চার্জ ইত্যাদি বৃদ্ধি পাওয়ায় পোশাকশিল্পের উৎপাদন ব্যয় ৩০ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত বছর পোশাকের দরপতন হয়েছে ৩ দশমিক ৭ শতাংশ।
আট মাস ধরে সুতার দাম বাড়তি। পোশাকের কাপড় তৈরিতে বেশি ব্যবহৃত ৩০/১ কাউন্টের প্রতি কেজি সুতার দাম ৪ ডলার ২৫ সেন্ট থেকে বেড়ে ৪ ডলার ৪০ সেন্টে উঠেছে, যা গত নভেম্বরে ছিল ৩ ডলারের কম। সুতার বাড়তি দাম নিয়ে গত সপ্তাহে একে অন্যের বিরুদ্ধে অবস্থান নেন পোশাক ও বস্ত্র খাতের মালিকেরা। পরে অবশ্য পোশাকশিল্প মালিকদের চাপে সমঝোতা করতে রাজি হন বস্ত্রকলের মালিকেরা। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে বাণিজ্যমন্ত্রীকে চিঠি দিল বিজিএমইএ।