বেসরকারি প্রতিষ্ঠান অর্থ দেবে কি না, তা সমীক্ষা পর্যায়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
ছবি: সংগৃহীত

দেশে সর্বজনীন পেনশন চালুর ঘোষণা দিয়েছে সরকার। আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠকের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে সাংবাদিকেরা জানতে চান, বেসরকারি কর্মচারীরা পেনশনে অংশ নিলে প্রতিষ্ঠান একটি অংশ বহন করবে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠান কিছু বহন করবে কি না, তা এখনো সমীক্ষা পর্যায়ে আছে, চূড়ান্ত হলে জানাতে পারব। এ ব্যাপারে আপনাদের পর্যবেক্ষণও নেব। আনুষ্ঠানিকভাবে আমরা সবার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে চাই।’

জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইনের খসড়ায় একবার বলা হয়েছে, ‘গেজেট প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত সরকারি ও আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা সর্বজনীন পেনশন–ব্যবস্থার বাইরে থাকবে।’ আবার বলা হয়েছে, ‘সর্বজনীন পেনশন পদ্ধতিতে সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবে।’ মতামতের জন্য খসড়াটি গতকাল থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

এদিকে বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা আরও ২৫ কোটি ডলার ঋণসহায়তা চেয়েছে। গতকাল মঙ্গলবার কলম্বোয় অনুষ্ঠিত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড অর্থনৈতিক সহযোগিতা (বিমসটেক) সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকের এক ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান।

জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আগে যে ঋণ দেওয়া হয়েছে, তা আগে জানি। দেশটি আরও ঋণ চেয়েছে কি না, আমার জানা নেই। পরে জানাব।’ এর আগে গত বছর শ্রীলঙ্কাকে ২৫ কোটি ডলার ঋণসহায়তা দেওয়ার কথা বাংলাদেশের। মুদ্রা বিনিময় প্রথা বা কারেন্সি সোয়াপের নিয়ম মেনে ঋণ দেওয়া হয় ২০ কোটি ডলার।’

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সরাসরি ক্রয়পদ্ধতিতে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড থেকে ‘পরিচয়’ নামক একটি অ্যাপস কেনার প্রস্তাব ছিল ক্রয় কমিটিতে। এই অ্যাপস ব্যবহার করে পরিচয় যাচাইকরণ অবকাঠামো ও সেবা কেনা হবে। অর্থমন্ত্রী বলেন, এটি অনুমোদন দেওয়া হয়নি। কিছু পর্যবেক্ষণ থাকায় পরে নিয়ে আসতে বলা হয়েছে।

বৈঠকে সিঙ্গাপুর থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ১৮৭ কোটি টাকা। প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ৩৫ ডলার।

অনুমোদিত অন্য প্রস্তাব হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্প। এর একটি প্যাকেজের পূর্ত কাজ করবে হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড। ব্যয় হবে ১৪৮ কোটি ৩১ লাখ টাকা।

এদিকে ২৭টি মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবসহ আধুনিক মাইক্রোবায়োলজি ল্যাব স্থাপন করতে যাচ্ছে সরকার। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী জানান, জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসের কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে এগুলো কেনা হবে।