বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর বাজেটে ১৫ শতাংশ কর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর কর আরোপ হলে দেশে উচ্চশিক্ষার ব্যয় বেড়ে যাবে।
আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সংগঠনটি জানিয়েছে, ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকায় উন্নীত করা উচিত, বর্তমানে যা ৩ লাখ টাকা, ভারতে যা ৫ লাখ রুপি। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব করেছে বিসিআই।
সংবাদ সম্মেলনে বিসিআই জানিয়েছে, ইলেকট্রিসিটি ট্রান্সমিশন লাইন নির্মাণের আন্তর্জাতিক দরপত্রে ঠিকাদার কর্তৃক স্টিল টাওয়ার ও অন্যান্য পণ্য বিদেশ থেকে আমদানি করলে উৎসে কর রাখা হয় না। অথচ দেশে স্থাপিত শিল্পকারখানা থেকে উৎপাদিত স্টিল টাওয়ার এবং অন্যান্য পণ্য সরবরাহের ক্ষেত্রে ৭ দশমিক ৫ শতাংশ উৎসে আয়কর কেটে রাখা হচ্ছে। বৈষম্য দূর করতে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য সরবরাহের ক্ষেত্রে উৎসে কর রহিত করার দাবি জানান আনোয়ার-উল আলম চৌধুরী।
বিসিআই বলছে, বাজেটে ৫ শতাংশ অগ্রিম আয়করের (এআইটি) প্রস্তাব ব্যবসায়িক খরচ বাড়িয়ে দেবে। অগ্রিম আয়কর (এআইটি) বিলুপ্ত করার প্রস্তাব দেওয়া হলেও বাজেটে তার প্রতিফলন দেখা যায়নি। পদ্ধতিগত জটিলতা নিরসনে অগ্রিম আয়কর বাতিলের প্রস্তাব করেছে বিসিআই।