বিআইডিএসের সম্মেলন
বৈষম্য না গেলে ফাঁদে পড়বে বাংলাদেশ
দেশে এই ছোট কৃষকদের একধরনের অর্থনৈতিক কণ্ঠস্বর তৈরি হলেও রাজনৈতিক কণ্ঠস্বর তৈরি হয়নি বলে মনে করেন হোসেন জিল্লুর রহমান।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের গবেষণা (ইউএন–ডেসা) প্রধান নজরুল ইসলাম বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে স্পষ্টত অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। এ বৈষম্য দূর করা না গেলে বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়ে যাবে। তাতে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া কঠিন হয়ে পড়বে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন সম্মেলনের শেষ দিনে গতকাল শুক্রবার প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য অনেক বেশি উল্লেখ করে এই গবেষক–অর্থনীতিবিদ বলেন, আশির দশকে যেখানে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের অর্থনৈতিক বৈষম্য কমছিল, তখন গ্রামীণ অর্থনীতিকে কম গুরুত্ব দেওয়ার কারণে বাংলাদেশে বৈষম্য ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশে উঠেছিল। এখনো দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের চেয়ে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য অনেক বেশি।
স্বাধীনতার পর ৫০ বছরে বাংলাদেশ অর্থনীতিতে বেশ সাফল্য দেখিয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, দেশটি এখন সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু বাংলাদেশ যে প্রক্রিয়ায় এ সাফল্য অর্জন করেছে, তা শুরুর দিককার অর্থনীতিবিদদের নির্দেশিত পদ্ধতির চেয়ে অনেকটাই আলাদা। তবে সেই সময়ের গবেষকদের দেখানো কৌশলগুলো এখন নতুন প্রজন্মের সমস্যা মোকাবিলায় কাজে লাগানো যেতে পারে।
নজরুল ইসলাম বলেন, স্বাধীনতা–পরবর্তীকালে দেশের অর্থনীতি ছিল মূলত কৃষিনির্ভর। তাই কৃষিক্ষেত্রে কীভাবে কর্মসংস্থান বাড়িয়ে গ্রামীণ উন্নয়ন করা যায়, সেটিই ছিল মূল প্রশ্ন। এর উত্তর খুঁজতে গিয়ে গবেষকেরা জমি পুনর্বণ্টনের মাধ্যমে আয়ের সামঞ্জস্য নিশ্চিত করতে বলেন। বঙ্গবন্ধু সমবায়ভিত্তিক চাষাবাদের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে চেয়েছিলেন। কিন্তু জাতির পিতার হত্যাকাণ্ডের পর সেটা আর বাস্তবায়িত হয়নি। বরং সমবায়ের ধারণা থেকে বেরিয়ে বেসরকারি খাতকে প্রাধান্য দিয়ে বাজার অর্থনীতির দিকে ঝুঁকেছে বাংলাদেশ। পরবর্তীকালে এরশাদ সরকারের আমলে গৃহীত নতুন শিল্পনীতিতে সেই ধারা আরও গতি পায়।
বর্তমান পরিস্থিতিতে গ্রামীণ অর্থনীতির পুনর্বিন্যাসে গুরুত্ব দিতে বলেন নজরুল ইসলাম। তিনি জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে বলেন, ‘এসব দেশ গ্রামীণ অর্থনীতিকে গুরুত্ব দিয়ে পুঁজিতান্ত্রিক ব্যবস্থা থেকেও উন্নতি করতে পেরেছে। এখন বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন উদ্যাপন করছে, কিন্তু আসন্ন নতুন প্রজন্মের সমস্যাগুলো কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েও ভাবা উচিত আমাদের। এ ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতিকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করার বিকল্প নেই। প্রয়োজনে বঙ্গবন্ধুর গ্রামভিত্তিক সমবায় কার্যক্রমও চালুর কথা ভাবা যেতে পারে।’
অনুষ্ঠানে অন্য আলোচকদের মধ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়া জেন্ডার ইনোভেশন ল্যাবের অর্থনৈতিক পরামর্শক তনিমা আহমেদ। প্রবন্ধে তিনি বলেন, নিরাপত্তা বিষয়ে এখনো সব স্তরের নারীরা পুরুষের চেয়ে পিছিয়ে আছেন। প্রায় ৩১ শতাংশ নারী ঘরের বাইরে অনিরাপদ বোধ করেন। এ হার পুরুষের ক্ষেত্রে মাত্র ৪ শতাংশ। কম বয়সী ও শিক্ষিত নারীরা বেশি অনিরাপদ বোধ করেন।
পোশাকশিল্পে নারীদের কাজের অগ্রগতিসংক্রান্ত অপর এক প্রবন্ধে কর্মক্ষেত্রে উচ্চ পদে নারীদের কম মূল্যায়নের কথা তুলে ধরা হয়। প্রবন্ধে বলা হয়, চাকরিতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে এখন অনেক বেশি হলেও উচ্চ পদ এবং বেশি বেতনের ক্ষেত্রে নারীদের বৈষম্যের শিকার হতে হয়। উচ্চ পদে নারীদের পদায়নের সংখ্যা কম। গৃহস্থালির কাজেও নারীদের অবমূল্যায়ন করা হয়।
ছোট কৃষকদের সহায়তা দিতে হবে
বিআইডিএসের উন্নয়ন সম্মেলনের শেষ দিনের আরেক অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদেরা বলেন, দেশে মাথাপিছু কৃষিজমির পরিমাণ দিন দিন কমছে। এটাই দেশের নতুন বাস্তবতা। ইউরোপ-আমেরিকায় যেমন বড় খামার দেখা যায়, দেশে তেমন কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ বাস্তবতায় ছোট কৃষকদের সহায়তা দিতে হবে।
এ অধিবেশনে সভাপতিত্ব করেন ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দেশের গ্রামাঞ্চলে নতুন তরুণ উদ্যোক্তা শ্রেণি তৈরি হয়েছে। তাঁদের আগে দেখা যায়নি। তাঁরাই এখন কৃষি বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ধানের পাশাপাশি সবজি ও ফল চাষ করছেন তাঁরা। দাউদকান্দিতে নতুন পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। অর্থাৎ মানুষ নিজের প্রয়োজনে নতুন ধরনের উৎপাদন সম্পর্ক তৈরি করছেন। কৃষিজমি ভাগ হয়ে গেলেও ছোট চাষিরা টিকে থাকার নানা পদ্ধতি তৈরি করেছেন। এখন সরকারের উচিত হবে এই ছোট চাষিদের নীতিগত সহায়তা দেওয়া। তিনি মনে করেন, দেশে এই ছোট কৃষকদের একধরনের অর্থনৈতিক কণ্ঠস্বর তৈরি হলেও রাজনৈতিক কণ্ঠস্বর তৈরি হয়নি।
হোসেন জিল্লুর রহমান আরও বলেন, দেশে দ্রুত নগরায়ণ হচ্ছে তা ঠিক, তা সত্ত্বেও কেন্দ্র ও প্রান্তের মধ্যে বৈষম্য থেকে যাবে। গ্রাম থেকে মানুষ কাজের আশায় শহরে আসছে। তবে শহরের দরিদ্রদের অবস্থা গ্রামীণ দরিদ্রদের চেয়ে খারাপ। তাঁরা আরও বেশি অরক্ষিত। কোভিডের সময়ও দেখা গেল, শহরের দরিদ্র মানুষই সবচেয়ে
দুর্দশার মধ্যে পড়েছে। আর দুর্যোগের সময় যে শহরের শ্রমজীবী ও দরিদ্র মানুষেরা গ্রামে চলে যান, সেটা একধরনের সাংস্কৃতিক ব্যাপার; এ বিষয় নীতিপ্রণেতাদের বোঝা দরকার বলে মত দেন তিনি।
বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন বলেন, কৃষির রূপান্তর নিয়ে এ অধিবেশন আয়োজন করার উদ্দেশ্য হলো কৃষির বিদ্যমান উৎপাদন সম্পর্ক ও ব্যবস্থা নতুন প্রযুক্তি গ্রহণ ও মানবসম্পদ বিকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না, তা অনুধাবন করা। উন্নয়ন সাহিত্যে বরাবরই বলা হয়েছে, কৃষিতে প্রযুক্তির ব্যবহার বা মানবসম্পদের উন্নয়ন সমাজের অগ্রগতির অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করে। কৃষিতে নতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে না বা বড় বিনিয়োগ কেন আসছে না, তার কারণ খুঁজে বের করতে হবে। তাঁর প্রশ্ন, কৃষিবিষয়ক প্রথাগত ধারণা এ বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না।
গতকাল বিশ্বব্যাংকের পভার্টি অ্যান্ড ইক্যুইটি গ্লোবাল প্র্যাকটিসের পরামর্শক গ্লাডিস লোপেজ আচিভেডো ভার্চ্যুয়াল মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি দেখান, নিম্ন আয়ের দেশে কৃষি খাতে ৫৩ শতাংশ, শিল্প খাতে ১২ শতাংশ ও সেবা খাতে ৩৫ শতাংশ নারী কাজ করেন। নিম্ন-মধ্যম আয়ের দেশে কৃষি খাতে ৪২ শতাংশ, শিল্প খাতে ১৭ শতাংশ ও সেবা খাতে ৪২ শতাংশ নারী কাজ করেন। উচ্চ-মধ্যম আয়ের দেশে কৃষি খাতে ১১ শতাংশ, শিল্প খাতে ১৫ শতাংশ ও সেবা খাতে ৭৪ শতাংশ নারী কাজ করেন। আর উচ্চ আয়ের দেশে কৃষি খাতে মাত্র ২ শতাংশ, শিল্প খাতে ১১ শতাংশ ও সেবা খাতে ৮৭ শতাংশ নারী কাজ করেন।
অধিবেশনে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় অর্থনীতিবিদ কুনাল সেন। প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ্, লন্ডন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক স্বপন আদনান।