ব্যবসায়ীরা যা চান ‘ব্যবসাবান্ধব’ বাজেটের পরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটকে পুরোপুরি ব্যবসাবান্ধব বললেও প্রতিদিনই পণ্যভিত্তিক বিভিন্ন ব্যবসায়িক সংগঠন একের পর এক দাবি জানাচ্ছে। সেসব দাবির অধিকাংশই শুল্ক ও কর হ্রাসসংক্রান্ত। ব্যবসায়ীরা বলছেন, তাঁদের যৌক্তিক দাবি বাস্তবায়িত না হলে সংশ্লিষ্ট দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

রিকন্ডিশন্ড বা পুরোনো গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা গতকাল বুধবার নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুরোনো গাড়ি আমদানিতে ৪৫ শতাংশ অবচয়-সুবিধা দাবি করেছেন। একই সঙ্গে ১২-১৫ আসনের মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার চেয়েছেন।

বাজেটে নছিমন-লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহন ব্যবহারে নিরুৎসাহিত করে বিকল্প গণপরিবহন হিসেবে মাইক্রোবাসকে জনপ্রিয় করার কথা বলা হয়েছে। সে জন্য ৭-৯ আসনের মাইক্রোবাসের সম্পূরক শুল্ক কমানো হয়েছে। তবে দেশে ১২-১৫ আসনের মাইক্রোবাস জনপ্রিয়। সেখানে সম্পূরক শুল্ক হ্রাস করা হয়নি। ফলে নছিমন-লেগুনার বিকল্প হওয়ার সুযোগ নেই মাইক্রোবাসের।

বারভিডার সভাপতি আবদুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। দেশে গাড়িশিল্প প্রতিষ্ঠার নামে ‘স্ক্রু ড্রাইভিং শিল্প’ না গড়তে আহ্বান জানিয়ে তিনি বলেন, গাড়ির অভ্যন্তরীণ বাজার এক লাখ ইউনিট হলেই গাড়িশিল্প প্রতিষ্ঠা যুক্তিযুক্ত হবে। গাড়ি মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতার মধ্যে এলে বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে সরকারের রাজস্বও বাড়বে।

এদিকে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) বাজেটে তৈরি পোশাকের মতো রপ্তানিমুখী চামড়া খাতে সমান হারে করপোরেট কর আরোপ করার দাবি জানিয়েছে। পোশাক কারখানার করপোরেট কর ১২ শতাংশ। তবে পরিবেশবান্ধব কারখানার ক্ষেত্রে ১০ শতাংশ।

ইএবির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান। একই সঙ্গে ভ্যাট আইনকে ব্যবসাবান্ধব ও যুগোপযোগী করতে আমদানি পর্যায়ে আগাম কর ৪ শতাংশ থেকে ৩ শতাংশ করার প্রস্তাব করেন।

অন্যদিকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার অলংকারের ওপর ৫ শতাংশের পরিবর্তে দেড় শতাংশ ভ্যাট আরোপ করার দাবি জানিয়েছে। বিকল্প প্রস্তাব হিসেবে তারা সোনার অলংকারের মজুরির ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের আহ্বান জানিয়েছে।

জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা গত রোববার অর্থমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে এ দাবি জানান। তাঁরা বলেন, সোনা মূল্যবান ধাতু হওয়ায় গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট বড় অঙ্কের অর্থে পরিণত হয়। ফলে এ দেশের স্বল্প ও মধ্যম আয়ের গ্রাহকেরা ভ্যাট দিতে অনাগ্রহ দেখান।