ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর টাকা ফেরত দিতে ইউনিয়ন ক্যাপিটালকে নির্দেশ
বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবিসি) ১০৮ কোটি টাকা জমা আছে আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের কাছে। প্রতিষ্ঠানটি টাকা চেয়ে বারবার তাগাদা দিলেও ইউনিয়ন ক্যাপিটাল পুরো টাকা ফেরত দিতে পারছে না। এ কারণে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সঙ্গে আলোচনা করে টাকা ফেরতের বিষয়টি সমাধান করতে ইউনিয়ন ক্যাপিটালকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ইউনিয়ন ক্যাপিটালকে এক কোটি টাকার বেশি অঙ্কের ঋণ বিতরণ থেকে বিরত থাকাসহ নানা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ইউনিয়ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মনজুর লিয়াকত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘২০১৯ সালের এপ্রিল মাসের পর ইউনিয়ন ক্যাপিটাল কোনো ঋণ দেয়নি। সহযোগী প্রতিষ্ঠানের দেওয়া টাকা আটকে যাওয়ায় আমরা সমস্যায় পড়েছি। আবার বিশেষ সুবিধার কারণে গ্রাহকেরাও টাকা ফেরত দিচ্ছেন না। তবে সাধারণ আমানতকারীদের আমরা যথাসময়ে টাকা ফেরত দিচ্ছি। বিএটিবিসিকে ২ বছরে ১০ কোটি ফেরত দেওয়া হয়েছে। ঋণ আদায় শুরু হলে আগামী বছর থেকে বড় করপোরেটদেরও টাকা ফেরত দিতে আর কোনো সমস্যা হবে না।’
জানা গেছে, ইউনিয়ন ক্যাপিটালের ঋণ ও বিনিয়োগ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে ৪৫০ কোটি টাকা আছে দুই সহযোগী প্রতিষ্ঠানে। আর ৮৫ কোটি টাকা রাখা আছে আলোচিত প্রশান্ত কুমার হালদারের ইন্টারন্যাশনাল লিজিং ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিতে (বিআইএফসি), যা থেকে আয় হচ্ছে না, আবার সেই টাকা ফেরতও আসছে না। তবে প্রতিষ্ঠানটির নথিপত্রে খেলাপি ঋণ ১৪৬ কোটি টাকা। এ কারণে প্রতিষ্ঠানটি সমস্যায় পড়েছে। ইউনিয়ন ক্যাপিটাল যে ঋণ ও বিনিয়োগ দিয়েছে, তার ৬৭৫ কোটি টাকা এসেছে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ ও আমানত হিসেবে। বাকি প্রায় ৫০০ কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের।
ইউনিয়ন ক্যাপিটালে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরতের পরিকল্পনা, নতুন ঋণ বিতরণ বন্ধ, সহযোগী প্রতিষ্ঠানে নতুন ঋণ ও অবলোপন বন্ধ করাসহ নানা নির্দেশনা দিয়েছে। পাশাপাশি ঋণের মান যথাযথভাবে দেখানো হচ্ছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে।