বড়দের জন্যই বড় ছাড়

সুবিধাভোগীদের তালিকায় বৃহৎ শিল্পকারখানাগুলোর জয়জয়কার। কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বাজেটে তেমন কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই স্থানীয় শিল্পের সুরক্ষায় বিশেষ নজর দিয়েছেন অর্থমন্ত্রী। তাতে দেশীয় উদ্যোক্তাদের কপাল খুলেছে। বাজেটে দুই হাত ভরে সুযোগ-সুবিধা পেয়েছেন তাঁরা। যদিও সুবিধাভোগীদের তালিকায় বৃহৎ শিল্পকারখানাগুলোর জয়জয়কার।

একাধিক ব্যবসায়ী নেতা বলছেন, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বাজেটে তেমন কিছু নেই। বড়দের সুবিধা কমিয়ে হলেও ছোটদের আরও কিছু সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন। কারণ, করোনাসহ নানা কারণে ছোটরাই বেশি চ্যালেঞ্জের মধ্যে আছেন।

অর্থমন্ত্রী গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। সেখানে আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে দেশীয় প্রতিষ্ঠানের বিকাশকে নিরবচ্ছিন্ন রাখতে ভ্যাট অব্যাহতি, কর অবকাশের মতো সুবিধা দিয়েছেন।

দেশীয় ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পেয়েছে। পণ্যগুলো হচ্ছে—ব্লেন্ডার, জুসার, মিক্সচার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইসকুকার, মাল্টি কুকার, প্রেশারকুকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেন। এ ছাড়া রেফ্রিজারেটর, ফ্রিজার ও তার কম্প্রেসরের উৎপাদনে ভ্যাট অব্যাহতির সুবিধা আরও এক বছর বেড়েছে। এয়ারকন্ডিশনার ও তার কম্প্রেসরের উৎপাদনে ভ্যাট অব্যাহতির সুবিধা আরও তিন বছর বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া কিছু হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য কর অবকাশের সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী।

অন্যদিকে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে থ্রি-হুইলার ও ফোর-হুইলার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দশ বছরের জন্য কর অব্যাহতির সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী। শর্ত সাপেক্ষে সেই কর অব্যাহতি আরও ১০ বছর বৃদ্ধি পাবে। তবে কর অব্যাহতির সুযোগ পেতে হলে কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ ১০০ কোটি টাকা হতে হবে।

হালকা প্রকৌশল শিল্পের কোম্পানিগুলোকেও শর্ত সাপেক্ষে ১০ বছরের জন্য কর অব্যাহতির সুযোগ দেওয়া হয়েছে বাজেটে। এ ছাড়া স্থানীয়ভাবে মূলধনি যন্ত্রপাতি উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেওয়ার বিধান সহজীকরণ করা হয়েছে। এলপিজি সিলিন্ডারের স্থানীয় উৎপাদন পর্যায়ে বর্তমানে ৫ শতাংশ যে ভ্যাট হার রয়েছে, সেটি আরও এক বছর বাড়িয়েছেন অর্থমন্ত্রী।

কর অবকাশের সুবিধা এখানেই শেষ নয়। দেশে উৎপাদিত ফল, শাকসবজি প্রক্রিয়াজাত কারখানা, দুধ ও দুধজাত পণ্য উৎপাদন, দেশীয় কৃষি থেকে শিশুখাদ্য উৎপাদনকারী কোম্পানি ও কৃষিযন্ত্র উৎপাদনকারী শিল্পের জন্য ১০ বছরের কর অবকাশ সুবিধা দেওয়া হয়েছে। এ ছাড়া স্বল্পমূল্যে কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতের জন্য নিড়ানি ও ঝাড়াই কলের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে থ্রেসার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটেড সিডার, কম্বাইন হারভেস্টার, রোটারি টিলার, নিড়ানি ও ঝাড়াই কল আমদানিতেও আগাম কর প্রত্যাহার করা হয়েছে।

বাজেট দেখে সহজ–সরলভাবে মনে হবে, অতিক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তাদের জন্য অর্থমন্ত্রী খুব বেশি তাকানোর সময় পাননি। তারপরও মুড়ির স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দিয়েছেন। তাজা ফল ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট রাখেননি অর্থমন্ত্রী।

জানতে চাইলে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান গতকাল প্রথম আলোকে বলেন, দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের জন্য বেশ
কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তবে অধিকাংশই বড় উদ্যোক্তাদের জন্য। কাঁচামাল বা উপকরণ আমদানিতে আগাম কর ৪ থেকে ৩ শতাংশ করায় ছোট উদ্যোক্তারা সুবিধা পাবেন। তবে সামগ্রিক বিচারে এসএমই উদ্যোক্তাদের জন্য খুব বেশি কিছু নেই। বড়দের থেকে সুযোগ-সুবিধা কমিয়ে ছোটদের দেওয়া দরকার। কারণ, ১০ জনের মধ্যে ৭ জনের কর্মসংস্থান করেছে এসএমই উদ্যোক্তারা।