ভর্তুকি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়মা হক

কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতি এমনিতেই চাপের মুখে রয়েছে। এই অবস্থায় সরকারের পক্ষে বাজেটে বড় আকারে ভর্তুকি ও প্রণোদনা দেওয়া কঠিন, আবার না দিয়েও উপায় নেই। অনেক খাতেই ভর্তুকি দিতে হয়, আগামী অর্থবছরেও দিতে হবে। তবে পুরো ভর্তুকি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হবে। এর মধ্যে কোনো অবস্থাতেই কৃষি ভর্তুকি কমানোর দিকে হাত দেওয়া যাবে না। যত ঝড়ঝাপটাই আসুক না কেন, এই খাত ঠিক থাকলে দেশের মানুষের অনেকখানি ভরসার জায়গা থাকে। কোভিড-১৯ আসার পরও আমরা তা দেখেছি।

মার্কিন ডলারের তুলনায় দেশীয় টাকার অবমূল্যায়ন হওয়ায় রপ্তানি খাত আগের চেয়ে সুবিধা পাচ্ছে। সংগত কারণেই রপ্তানি ও প্রবাসী আয় খাতে ভর্তুকি বা প্রণোদনা কিছুটা হলেও কমানো যেতে পারে। তবে এতে ঝুঁকিও আছে। বিশেষ করে ডলার–সংকটের এই সময়ে একবার সুবিধা দিয়ে তা কমানো কঠিনই বৈকি।

দেশে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমাতে দাম বাড়ানোর কথা শোনা যাচ্ছে। বড় ব্যবসায়ীরা এ ব্যাপারে যতটা সোচ্চার, চালের দাম বাড়লে তাঁদের ততটা কথা বলতে শোনা যায় না। আমার মতে, বাণিজ্যিক ও অবাণিজ্যিক ভিত্তিতে ধাপ করে গ্যাস-বিদ্যুতেও ভর্তুকি দিতে হবে। অর্থাৎ যেগুলোর সঙ্গে গরিব মানুষের সংশ্লিষ্টতা বেশি, সেগুলোতে ভর্তুকি বেশি রাখা উচিত। ক্ষুদ্রদের জন্য যে খাতে ভর্তুকি বড়দেরও জন্যও একই ভর্তুকি কেন থাকবে? শিল্প খাতে ভর্তুকি দেওয়া বেশি দরকার, যারা বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বা যাদের কারখানা শ্রমঘন বলে পরিচিত।

আর একটা কথা, পোশাক খাত কি বছরের পর বছর সুবিধা পেতেই থাকবে? আগে এ খাত বেশি প্রণোদনা বা ভর্তুকি পেত। আস্তে আস্তে সুবিধা কিছু কমানো হয়েছে। খাতটি এখন যথেষ্ট পোক্ত। ফলে আরও কমানো যেতে পারে। এতে ভর্তুকির ওপর চাপ কমবে।