ভারতে আবার বাড়ল নীতি সুদহার
উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় আবারও নীতি সুদহার বৃদ্ধি করল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। ঠিক এক মাস চার দিনের মাথায় রিজার্ভ ব্যাংকের রেপো রেট বা নীতি সুদহার আবার বৃদ্ধি করা হলো।
আজ বুধবার ভারতের শীর্ষ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে। ফলে নতুন রেপো রেট বেড়ে দাঁড়াল ৪ দশমিক ৯ শতাংশ। রিজার্ভ ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি ঋণ দেয়, তাকে রেপো রেট না নীতি সুদহার বলা হয়। রেপো বৃদ্ধি পাওয়ায় বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাংকঋণের সুদের হারও বাড়তে পারে বলে আশঙ্কা। সে ক্ষেত্রে ইএমআইয়ের বোঝাও বাড়তে পারে বলে অনুমান। খবর ইকোনমিক টাইমসের
ঘটনাচক্রে গত ৪ মে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৪ দশমিক ৪ শতাংশ করা হয়েছিল। তার এক মাসের মধ্যেই আবার এই বৃদ্ধি প্রসঙ্গে বিশেষজ্ঞদের ব্যাখ্যা, সাধারণত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই সুদের হার বাড়ানো হয়েছে। এর দুটি দিক আছে। প্রথমত, গ্রাহকদের লাগামছাড়া ঋণ দেওয়ার ব্যাপারে যাতে ব্যাংকগুলোকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয়ত, সহজলভ্য ঋণ না পাওয়ায় সাধারণ মানুষের বিলাসবহুল দ্রব্য কেনাকাটার প্রবণতা কমার কথা। সে ক্ষেত্রে চাহিদার অভাবে দাম কমবে বিলাসবহুল দ্রব্যের।
বুধবার সকাল ১০টায় অনলাইন ঘোষণায় নতুন রেপো রেটের কথা জানান শক্তিকান্ত। আরবিআই গভর্নর বলেন, ‘মহামারি ও যুদ্ধ পরিস্থিতিতে ভারতে মূল্যস্ফীতি বেড়েছে। পরিস্থিতি মাথায় রেখে আমরা মেপে পা ফেলার সিদ্ধান্ত নিয়েছি। ভারতের প্রবৃদ্ধির ধারায় যেন কোনো রকম আঁচ না আসে, সেদিকে নজর রেখেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’