মহামারির অভিঘাতে সংকটে পড়া অর্থনীতি চাঙা করতে আট দফা দাওয়াইয়ের কথা ঘোষণা করেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি গত সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানালেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে ক্ষতিগ্রস্ত গরিব ও প্রান্তিক মানুষের সাহায্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে।
গত বছর মে মাসে লকডাউনের সময় ২০ লাখ কোটি রুপি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আর্থিক অনুদানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘গরিব কল্যাণ যোজনা’। নির্মলা সীতারমণ সোমবার জানিয়েছেন, এ পর্যন্ত গরিব পরিবারগুলোকে খাদ্য দিতে ২ লাখ ২৭ হাজার ৮৪১ কোটি রুপি খরচ করেছে কেন্দ্র সরকার। আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
আরও কিছু প্রকল্পের কথা জানিয়েছেন নির্মলা সীতারমণ। পুষ্টিযুক্ত খাদ্য সরবরাহের জন্য পৃথকভাবে ১ লাখ ৪৭ হাজার ৫৫৫ কোটি রুপি বরাদ্দের কথা জানিয়েছেন তিনি। গত বছর প্রধানমন্ত্রী ঘোষিত আত্মনির্ভর ভারত রোজগার প্রকল্পের সময়সীমাও ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। মহামারি আবহে কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা সোমবার জানিয়েছেন নির্মলা।
কোভিড পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শিল্পক্ষেত্রগুলোর জন্য ১ লাখ ১০ হাজার কোটি রুপির ঋণ নিশ্চয়তা প্রকল্পের কথাও ঘোষণা করেছেন নির্মলা। এই কর্মসূচিতে বার্ষিক ৭ দশমিক ৯৫ শতাংশ সুদে ১০০ কোটি রুপি পর্যন্ত ঋণ পাবে শিল্পপ্রতিষ্ঠানগুলো। গ্যারান্টার হিসেবে থাকবে কেন্দ্র। সাধারণভাবে সুদের হার হয় ৯ থেকে ১০ শতাংশ।