উৎসে কর
ভুগবে ব্যবসাপ্রতিষ্ঠান
৫০ হাজার টাকার বেশি লেনদেন ব্যাংকিং চ্যানেলে করতে হবে।
পণ্য ও সেবা সরবরাহের ক্ষেত্রে উৎসে কর বাড়ল।
১৫ হাজার টাকার বেশি বেতন নগদে দেওয়া যাবে না।
২০২১-২২ অর্থবছরের বাজেটে দেশের উদ্যোক্তাদের ছাড়ের পর ছাড় দেওয়া হয়েছে। তবে ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনে আরও স্বচ্ছতা আনতে কিছু ক্ষেত্রে কঠোর শর্তও আরোপ করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে উৎসে অগ্রিম করের হার। ফলে করের বোঝা বাড়বে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ওপর। ২০২১ সালের অর্থবিল ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
প্রথমেই দেখে নেওয়া যাক লেনদেনের বিষয়। এবারের অর্থবিলের ৩০ ধারায় কিছু পরিবর্তন আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো কোম্পানির লেনদেন ৫০ হাজার টাকার বেশি হলেই তা ব্যাংকিং চ্যানেলে করতে হবে। এতে সবচেয়ে বেশি ভুগবেন পুরান ঢাকার পাইকারি ব্যবসায়ীরা। অনেক প্রতিষ্ঠান পুরান ঢাকার পাইকারি বাজার থেকে পণ্য কেনে। সেই বিল পরিশোধ করা হয় নগদ টাকায়। নতুন এই পরিবর্তনের ফলে পুরান ঢাকার ব্যবসায়ীদের এখন ব্যাংকিং চ্যানেলে টাকা নিতে হবে।
নতুন বাজেটে করপোরেট করে ছাড় দেওয়া হলেও উৎসে করহার বাড়ানো হয়েছে। সেই সঙ্গে নানা শর্তও রয়েছে
আইনি জটিলতা এড়াতে একই ধারায় ‘ক্রসড চেক’ শব্দটি বিলুপ্ত করা হয়েছে। কারণ, ব্যাংকিং চ্যানেলের আওতায় ক্রসড চেক অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাই ক্রসড চেকের মাধ্যমেও লেনদেন করা যাবে।
প্রতিষ্ঠানের কর্মীদের বেতন-ভাতা দেওয়ায় আরও স্বচ্ছতা আনতে হবে। কোনো কর্মীর মাসিক বেতন ১৫ হাজার টাকা পার হলেই তা আর নগদে দেওয়া যাবে না। তখন কর্মীর ব্যাংক হিসাবে বা মোবাইল আর্থিক সেবা (এমএফএস) যেমন নগদ, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে বেতন দিতে হবে। নতুন বাজেটে এমএফএসকে ব্যাংকিং খাত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে এবারে উৎসে করের ক্ষেত্রে ভুগতে হতে পারে। কারণ, উৎসে করের হার বাড়ানোর পাশাপাশি পণ্য সরবরাহের বিপরীতে উৎসে করহার চার ধাপের পরিবর্তে তিন ধাপ করা হয়েছে। যেমন এত দিন ১৫ লাখ টাকার কম পণ্য বা সেবা সরবরাহ করা হলে ২ শতাংশ উৎসে কর কেটে রাখা হতো। এখন থেকে ৫০ লাখ টাকার কম সরবরাহ করা হলে ৩ শতাংশ উৎসে কর কেটে রাখা হবে। ফলে যাঁরা ১৫ লাখ টাকার কম মূল্যের পণ্য সরবরাহ করবেন, তাঁদেরও প্রতিটি সরবরাহে ৩ শতাংশ হারে উৎসে দিতে হবে। ৫০ লাখ টাকার বেশি কিন্তু দুই কোটি টাকার কম পণ্য বা সেবা সরবরাহ করা হলে ৫ শতাংশ উৎসে কর দিতে হবে। এখানেও আগের চেয়ে ১ শতাংশ বেশি উৎসে কর দিতে হবে। আর দুই কোটি টাকার বেশি পণ্য সরবরাহ হলে ৭ শতাংশ উৎসে কর কাটা হবে, যা এত দিন ছিল ৫ শতাংশ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাড়তি উৎসে কর ফাঁকি দিতে ছোট ছোট চালানের বিপরীতে প্রতিষ্ঠানের বিল পরিশোধ হয় কি না, তা জানতে এবারে বার্ষিক সরবরাহ চুক্তিও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
উৎসে কর বাড়ানোর ফলে দেশের মেগা প্রকল্পে যেসব প্রতিষ্ঠান সিমেন্ট, রডসহ বিভিন্ন পণ্য সরবরাহ করে, তারাই বেশি ভুগবে। এসব প্রতিষ্ঠান প্রায় প্রতি চালানেই দুই কোটি টাকার বেশি পণ্য সরবরাহ করে থাকে। তাই তাদের বিল পরিশোধের সময় আগের চেয়ে ২ শতাংশ বেশি, অর্থাৎ ৭ শতাংশ উৎসে কর কেটে রাখা হবে। এর মানে হলো, তাদের লেনদেনের ওপর কমপক্ষে ৭ শতাংশের বেশি মুনাফা করতে হবে।
দেশীয় একটি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, উৎসে কর চূড়ান্ত কর দায়। অনেক প্রতিষ্ঠান করোনার সময়ে লোকসানে পড়েছে। অথচ উৎস কর বাড়ানোর কারণে তাঁদের এখন ভুগতে হবে।
শ্রমিকদের কল্যাণে অনেক প্রতিষ্ঠানে ‘ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড’ আছে। এই ফান্ড থেকে কোনো শ্রমিক টাকা নিলে ৫০ হাজার টাকা পর্যন্ত কোনো কর কাটা হতো না। নতুন বাজেটে এই সুবিধা কমানো হয়েছে। এখন ২৫ হাজার টাকা পর্যন্ত টাকায় উৎসে কর মওকুফ। ফলে উৎসে করের আওতা বৃদ্ধি পেল।
ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রতি মাসে বেচাকেনার বিবরণী দেখিয়ে ভ্যাটের রিটার্ন দিতে হয়। এবারে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আরও কঠোর হয়েছে এনবিআর। এসব কোম্পানির আয়-ব্যয়ের হিসাব বিবরণ–সংবলিত বার্ষিক আর্থিক বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগের বছরের আর্থিক বিবরণী পরের বছরের প্রথম ছয় মাসের মধ্যে জমা দিতে হবে। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সময়সীমা আরও ছয় মাস বাড়ানো যাবে।
বেচাকেনায় স্বচ্ছতা আনতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ক্যাশ রেজিস্ট্রার আমদানিতে এবারে ৫ শতাংশ অগ্রিম কর বসানো হয়েছে।