‘ভেতরে বলেন জীবন-জীবিকা, বাইরে গিয়ে ব্যবসাবান্ধব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনকে ‘উন্নয়নের বাজনা বাজানোর ডিজিটাল প্রক্রিয়া’ বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সাংসদ হারুনুর রশীদ। আজ রোববার জাতীয় সংসদে ২০২০-২১ সালের সম্পূরক বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে হারুনুর রশীদ এসব কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, এবারের বাজেট বক্তব্য পাঠ করতে হয়নি। কিছুক্ষণ পরই এটি পঠিত বলে গণ্য হয়েছে। অর্থমন্ত্রীর বাজেটের শিরোনাম ‘জীবন–জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনাম শুনতে খুব ভালো লাগে। কিন্তু অর্থমন্ত্রী সংসদের ভেতরে বলেন জীবন-জীবিকা, বাইরে গিয়ে বলেন ব্যবসাবান্ধব। আসলে এবারের বাজেটটি হয়েছে, ‘ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট’ মার্কা বাজেট।

আসলে এবারের বাজেটটি হয়েছে, ‘ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট’ মার্কা বাজেট।
হারুনুর রশীদ, সাংসদ, বিএনপি

দেশের ৫০ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ ঋণ নিয়ে বাজেট করতে হয়েছে বলে মন্তব্য করেন হারুনুর রশীদ। বলেন, ‘সরকারের নীতি ও ভুল সিদ্ধান্তের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। ঈদের সময় মানুষের দুর্ভোগ দেখেছি। ৫০০ টাকার ভাড়া দিতে হয়েছে ৩ থেকে ৪ হাজার টাকা। ফেরিঘাট দিয়ে ঢালাওভাবে পার হয়েছে মানুষ। এতে সংক্রমণ বেড়েছে। বেআইনি স্পিডবোটে পার হতে গিয়ে অনেক মানুষের প্রাণ গেল।’ তাঁর প্রশ্ন, এর দায় সরকারকে নিতে হবে না?

হারুনুর রশীদ বলেন, সরকার যেহেতু বাজেট উপস্থাপন করেছে, এখন এর গুণগান তো গাওয়া হবেই। তবে সারা দেশ উদ্বিগ্ন। কারণ, টিকার সুনির্দিষ্ট কোনো পথরেখা নেই বাজেটে। দেড় বছর হলো দুই শতাংশ মানুষও ভ্যাকসিন পাননি।

করোনাভাইরাসের ভারতীয় ধরন ঠেকাতে সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন হারুনুর রশীদ। বলেন, যথাযথ সুরক্ষাব্যবস্থা সরকার তৈরি করতে পারেনি। রাজশাহী বিভাগে করোনা মারাত্মক পরিস্থিতি ধারণ করছে। মৌসুমে আমচাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। টিকা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন

হারুনুর রশীদ আরও বলেন, ‘চীন ও রাশিয়া ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছিল। ট্রায়াল করতে চেয়েছিল। আমরা অনুমতি দিইনি। তাদের প্রস্তাব সেই সময় গ্রহণ করলে এখন আমাদের ভ্যাকসিনের সংকট হতো না। চীনের সঙ্গে কথা হলেও ভ্যাকসিন পাওয়া যাবে কি না, অনিশ্চিত।’

আলোচনায় অংশ নিয়ে হারুনুর রশীদ বলেন, ‘দক্ষ জনশক্তি গড়ে তোলায় শিক্ষার বিকল্প নেই। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এটা কোনো কথা হলো? আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো মানসম্মত। সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে সেখানে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে।’

স্বাস্থ্যসেবা বিভাগের সংস্কারেরও দাবি জানান হারুনুর রশীদ। তিনি বলেন, ‘সরকারি চিকিৎসকেরা সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের পরিবর্তে করেন ব্যক্তিগত ক্লিনিকে। পদ্মা সেতু, মেট্রোরেল আমরা চাই। কিন্তু আগে মানুষকে বাঁচাতে হবে। মানুষ বাঁচলে সবকিছু আসবে।’

আরও পড়ুন

আওয়ামী লীগের সাংসদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, এই অর্থবছরে সিপিডি-বিএনপির নেতাদের প্রতিক্রিয়ার কারণ আসলে অন্য। বড় প্রকল্পগুলো শেষ হয়ে এসেছে দেখে তারা আবোলতাবোল বকছে।

সরকারি দলের আরেক সাংসদ মহিউদ্দীন খান আলমগীর বলেন, কোভিডের কারণে মানুষের আয় কমেছে। ফলে মূল বাজেটের চেয়েও সম্পূরক বাজেট কমে গেছে। তিনি ব্যাংক কমিশন গঠনের পাশাপাশি কর কমিশন করারও প্রস্তাব দেন।

সরকারি দলের সাংসদ তাহজীব আলম সিদ্দিকী বলেন, আজ বিএনপি যদি ক্ষমতায় থাকত, তাহলে দেশের অর্থনীতি হাওয়া ভবনের হাওয়ায় উড়ে যেত।

সম্পূরক বাজেটের আলোচনায় এ ছাড়া আওয়ামী লীগের আবদুস শহীদ, সেলিমা আহমাদ এবং বিএনপির রুমিন ফারহানা অংশ নেন।