ভোলায় এসেই বলসুন্দরীর বাজিমাত
দক্ষিণাঞ্চলীয় ভোলায় অনেক দিন ধরেই বাউকুল, নারকেলি কুল, টক বোল বরই, মিষ্টি বোল বরই, খুদে আপেল কুলসহ বিভিন্ন কুলের চাষ হচ্ছে। এবার শুরু হয়েছে বলসুন্দরী ও কাশ্মীরি আপেল কুলের বাণিজ্যিক আবাদ। প্রথমবারেই নতুন দুই জাতের কুলের বাম্পার ফলন হয়েছে। দামও মিলছে বেশ ভালো। ফলে অনেক কৃষকের ভাগ্য খুলে যাচ্ছে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ভোলা জেলায় প্রায় ২৫০ হেক্টর জমিতে হরেক রকমের কুলের আবাদ হয়েছে। এর মধ্যে ফলনে সবচেয়ে এগিয়ে আছে বলসুন্দরী ও কাশ্মীরি আপেল কুল। এর মধ্যে কাশ্মীরি আপেল কুল দেখতে অনেকটাই ছোট আকারের অস্ট্রেলিয়ান আপেলের মতো সবুজ ও হালকা হলুদাভ লাল রঙের। আর বলসুন্দরী আকারে একটু বড়। দেখতে সবুজাভ, তবে কোনো কোনোটিতে লালচে আভাও দেখা যায়। গত বছর এ জেলায় প্রায় ২০০ হেক্টরে কুলের আবাদ হয়েছিল।
কৃষিবিদেরা বলছেন, ভোলার মাটি উর্বর হওয়ার পাশাপাশি কৃষকেরা বেশি যত্ন নেওয়ায় নতুন দুই জাতের কুলের ভালো ফলন হয়েছে। প্রচলিত আপেল কুল বা বাউকুলগুলোর চেয়ে এ দুটি আকারে বড়; খেতে মিষ্টি ও রসাল; অধিক পুষ্টিসমৃদ্ধ ও রোগ প্রতিরোধক এবং উচ্চফলনশীল।
ভোলার সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, 'ভোলার বেলে দোআঁশ মাটি ও আবহাওয়া বলসুন্দরী ও কাশ্মীরি জাতের আপেল কুলের জন্য খুবই উপযোগী। অবশ্য যেকোনো ধরনের মাটিতেই, এমনকি লবণাক্ততা ও জলাবদ্ধতার মধ্যেও নতুন দুই জাতের ফলন ভালো হয়। তাই যাঁদের জমি আছে, তাঁদের পাশাপাশি বেকার যুবকেরাও বলসুন্দরী ও কাশ্মীরি কুলের আবাদ করে স্বাবলম্বী হতে পারেন।'
সম্প্রতি ভোলার বিভিন্ন বাজারের ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা কুল ৫০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়। ভোলায় উৎপাদিত কুল পাইকারিতে ৬০ থেকে ৭০ টাকা আর খুচরা পর্যায়ে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়। জেলার সদর রোডের ক্রেতা জামাল উদ্দিন বলেন, ভোলার খেতে উৎপাদিত কুল-বরই বেশি মিষ্টি। এগুলো সাধারণত লোকাল বাজারে বিক্রি হয়। তবে শহরে উঠলে ভালো দামে বিক্রি হয়।
ভোলার রাজাপুর ইউনিয়নের চরমনষা গ্রামের সবুজ বাংলা কৃষি খামারের পরিচালক ও ভোলা জেলার শ্রেষ্ঠ কৃষক পুরস্কার পাওয়া (২০২০-২১) ইয়ানুর রহমান ওরফে বিপ্লব মোল্লা জানান, তাঁর একেকটি গাছে ৩০০ কেজির বেশি বলসুন্দরী ও কাশ্মীরি আপেল কুল ধরেছে। খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। আর বিক্রি ১২-১৩ লাখ টাকা হবে বলে আশা করেন। খামারে পাইকারদের কাছে মৌসুমের শুরুতে তিনি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করেন।
ইয়ানুর রহমানের খামারে জমির পরিমাণ ১০০ একরের বেশি। এর মধ্যে ২১ শতাংশ জমিতে বলসুন্দরী ও কাশ্মীরি আপেল কুলের আবাদ। বাঁধের চারপাশে রয়েছে উঁচু প্রশস্ত বাঁধ, যাতে জোয়ারের সময় খামারে পানি প্রবেশ করতে না পারে। তাঁর খামারে অবশ্য বরই ছাড়াও আদা, হলুদ, আম, কতবেল, মাল্টা, আমড়া, বাতাবিলেবু, পেয়ারাসহ নানা রকম ফলের বাগান, সবজিখেত ও বীজতলা রয়েছে। আর সমতল ভূমিতে বিস্তীর্ণ পেঁয়াজখেত।
ইয়ানুর রহমান জানান, তিনি বাগানে শুধু জৈবসার ব্যবহার করেন। গাছে নিয়মিত সেচ দেওয়া ছাড়া উল্লেখযোগ্য কীটনাশক দেন না। গাছে ফল পাকার পরই কেবল বিক্রি করেন। তাই ফল সুস্বাদু ও কড়া মিষ্টি হয়।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মাইনুদ্দিন হাওলাদার ওরফে মফিজ ২০২০ সালে নাটোর থেকে চারা এনে সাড়ে ৪ একর জমিতে ১ হাজার ৫০০ বলসুন্দরী ও ৩০০ কাশ্মীরি আপেল কুলের চারা লাগান। এ ছাড়া আরও ১১ একর জমিতে তিনি নানা ধরনের ফলের আবাদ করেছেন।
মাইনুদ্দিন হাওলাদার প্রথম আলোকে জানান, একেকটি বলসুন্দরী ও কাশ্মীরি আপেল কুলগাছে ১০০-১১০ কেজি ফলন হয়েছে। স্থানীয় বাজারে তিনি ২ হাজার ৪০০ টাকা মণ দরে (৬০ টাকা কেজি) বিক্রি করছেন। তিনি বলেন, 'এবার ১৮-২০ লাখ টাকার বলসুন্দরী ও কাশ্মীরি আপেল কুল বিক্রির আশা করছি। ফল সংগ্রহ করা পর্যন্ত সব মিলিয়ে খরচ হয়েছে ১১ লাখ টাকা।' এর মানে প্রথম বছরেই তিনি ৭-৯ লাখ টাকা লাভের আশা করছেন।
স্থানীয় শিক্ষক নীল রতন দে প্রথম আলোকে বলেন, মাইনুদ্দিন হাওলাদারের বাগানে আপেলের মতো গাছভর্তি লাল বরই দেখলে চোখ জুড়িয়ে যায়। ক্রেতারা লাল বরইয়ের সঙ্গে ছবি তোলেন, কিনেও নেন।
বাংলাদেশে উদ্ভাবিত বলসুন্দরী ও কাশ্মীরি আপেল কুলের জাত দুটি উচ্চফলনশীল। ভোলার উর্বর জমিতে ফলন আরও বেশি হয়।মো. হাসান ওয়ারিসুল কবির, উপপরিচালক, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
বোরহানউদ্দিন উপজেলার কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক সম্প্রতি জানান, বলসুন্দরী ও কাশ্মীরি আপেল কুল চাষে কৃষি অফিস মাইনুদ্দিনকে সর্বাত্মক সহযোগিতা করছে। বিনা মূল্যে সার, কীট ও বালাইনাশক সরবরাহের পাশাপাশি তাঁর খামারে সেচ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। প্রতিনিয়ত পরামর্শ দেওয়া হচ্ছে, যেন তিনি লাভের মুখ দেখেন।
প্রায় ২০ বছর যাবৎ বিভিন্ন রকম বরই ফলের আবাদ করছেন চরফ্যাশন উপজেলার এ্যাওয়াজপুর ইউনিয়নের শিক্ষক ও কৃষক মো. ইউনুস জমাদ্দার। এ বছরও তিনি তিন একরে দেশি বোল বরইয়ের আবাদ করেছেন। আসছে বছর তিনি বলসুন্দরী ও কাশ্মীরি আপেল কুলের আবাদ শুরু করবেন বলে জানান।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবির বলেন, বাংলাদেশে উদ্ভাবিত বলসুন্দরী ও কাশ্মীরি আপেল কুলের জাত দুটি উচ্চফলনশীল। ভোলার উর্বর জমিতে ফলন আরও বেশি হয়। সদর উপজেলার ইয়ানুর রহমান, বোরহানউদ্দিনের মাইনুদ্দিনসহ অনেক কৃষকের খামারের উৎপাদনে সেটিই যেন প্রমাণিত হয়েছে। ফলে ভোলার বাজারে এবার স্থানীয়ভাবে উৎপাদিত কুলের সরবরাহ বেড়েছে। কৃষি বিভাগ কুলচাষিদের পাশে আছে।