বাজার নিয়ে এফবিসিসিআই
মসলা নিয়ে কারসাজি চলবে না
এফবিসিসিআই বলেছে, যাঁরা কারসাজি করে দাম বাড়াবেন, তাঁদের জরিমানা না করে সরাসরি দোকান বন্ধ ও লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।
কোরবানির ঈদ সামনে রেখে মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সংগঠনটির নেতারা বলছেন, ব্যবসায়ীরা বলেননি যে বাজারে মসলার সংকট আছে। সুতরাং, কেউ কারসাজির চেষ্টা করলে সরকারের কাছে আইনি ব্যবস্থার সুপারিশ করা হবে। প্রয়োজনে দোকান বন্ধ এবং লাইসেন্স বাতিল করার মতো পদক্ষেপও নেওয়া হবে।
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ অন্য নেতারা ব্যবসায়ীদের এভাবে সতর্ক করে দেন।
মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘কোরবানির ঈদ সামনে রেখে মসলাসংকটের কোনো তথ্য ব্যবসায়ীরা আমাদের জানাননি। এখন যদি কোনো ব্যবসায়ী পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেন কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেন, তাহলে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করব।’
বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সীমিত মুনাফায় ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘আপৎকালীন সময়ের জন্য সরকার চাল কিনছে, এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এটাকে কেন্দ্র করে চালের দাম বাড়ালে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ২-৩ শতাংশ অসাধু ব্যবসায়ীর দায় আমরা নেব না। সোম-মঙ্গলবারের মধ্যে চাল ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করা হবে। দাম বাড়তে থাকায় লবণ ব্যবসায়ীদের সঙ্গেও বসা হয়েছে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘১৫ দিন পরপর সয়াবিন তেলের দাম সমন্বয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছিল। এবারে ২২ দিন পেরিয়ে গেল, কিন্তু সমন্বয় করা হলো না। এমন হলে অনেক সময় ব্যবসায়ীরা দাম বাড়াতে নিরুপায় হয়ে পড়েন। তবু আমরা সব চেম্বারকে বলব, আপনারা বাজারের দিকে খেয়াল রাখেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেব বলেন, ‘ব্যবসায়ীরা কারসাজি করলে আমরা জরিমানা করব না, সরাসরি লাইসেন্স বাতিল ও দোকান বন্ধ করে দিব, যাতে তাঁরা আর ব্যবসা করতে না পারেন।’ এদিকে বাজার তদারক করতে গিয়ে কোনো ব্যবসায়ীকে কারসাজির সঙ্গে জড়িত পাওয়া গেছে কি না প্রথম আলোর এমন প্রশ্নে এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী সরাসরি কোনো উত্তর দেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ মন্ত্রণালয়কে জানিয়ে রাখি এবং বাজার যাতে স্থিতিশীল থাকে, সে জন্য নিয়মিত তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
তবে দেশের ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠনটির নেতারা আবার এমনটাও মনে করেন, বিশ্ববাজারের প্রেক্ষাপটে বাংলাদেশে যেভাবে দাম বাড়ছে, তা একেবারে বাস্তবতার বাইরেও নয়। তাই শুধু ব্যবসায়ীদের ওপর দায় না চাপিয়ে ক্রেতাদেরও সংযমী ও সচেতন হতে হবে। এ ছাড়া বিভিন্ন সময় ডিলারদের বিরুদ্ধে কারসাজির যে অভিযোগ উঠছে, সেটা তদারকির জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে ডিলার ও ডিস্ট্রিবিউটরদের তালিকা চেয়েছে এফবিসিসিআই।
মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি লুৎফর রহমান বলেন, ‘আমরা জরিমানা করি না। দোকান বন্ধ করে শাস্তি দিই। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে ভবিষ্যতেও একইভাবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ ও মোহাম্মদপুর টাউন হল সিটি করপোরেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন শিকদার প্রমুখ।